হাজার হাজার মেঘ বেরিয়ে পড়েছে অকস্মাত্
ঈশান কোণের ঘনকালো সেই থমথমে মেঘ
হঠাত্ আকাশ জুড়ে ঝড়ের বদলে শুধু ছড়িয়ে দিয়েছে
রাশি রাশি অস্থিরতা, তারই চাপে কাঁপছে মাটিও।
কালোমেঘ, সাদামেঘ, ধূসর ছাইরং মেঘ
এবং সুনীল স্বচ্ছ রকমারি কত মেঘ ভাসছে আকাশে!
দিনভর বৃষ্টি হলে হাজার হাজার ছাতা যেরকম নেমে
পড়ে শহরে-নগরে। আকাশে এখন সেই ছবি!
কালোমেঘ ধাক্কা খেয়ে সরে যায় সাদামেঘ কনুই বাড়ালে,
যেন কোনো বর্ণবাদী সন্ত্রাসে আকাশ কাঁদে আজ।
নীলমেঘ উদাসীন ভঙ্গিতে যাচ্ছিল ভেসে, তাকে ধাক্কা মেরে
ধূসর ছাইরং মেঘ জানিয়ে দিয়েছে তার অধিকার আগে!
এতোকাল জানা ছিল প্রকৃতি সমাজতন্ত্রে আস্থা রেখে চলে,
লক্ষ লক্ষ নক্ষত্রের সম্রাট সূর্যের কাছে, সম্রাজ্ঞী চাঁদের কাছে
কারো কোনো দায় শোধ করতে হয় না কোনোদিন।
তারা মহাশূন্য জুড়ে সৌরলোকে নির্ঝঞ্ঝাট জীবন কাটায়।
ধারণায় ভুল ছিল মেঘের সংঘাত দেখে বুঝে গেছি আজ
কেন অগ্নিচক্ষু বাজ ধমকে কাঁপায় মাটি সামন্ত-স্বভাবে!
