দীর্ঘদিন পর একাধিক হলে ছবি মুক্তি পাচ্ছে আজ

আপডেট : ২৪ জুন ২০২১, ২২:১৬

আজ ঢাকাসহ সারাদেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘নবাব এলএলবি’। অনন্য মামুন পরিচালিত এই সিনেমার মাধ্যমে ১৫ মাস পর বড়পর্দায় আসছেন তিনি। সর্বশেষ গত বছরের ৬ মার্চ তার অভিনীত ‘শাহেনশাহ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। দীর্ঘদিন পর নতুন সিনেমা মুক্তি পাচ্ছে এই অভিনেতার।

নবাব এলএলবি সিনেমায় শাকিব খান ছাড়া আরো অভিনয় করেছেন মাহিয়া মাহী, শহীদুজ্জামান সেলিম, স্পর্শিয়া, রাশেদ মামুন অপু, শাহেদ আলী, সুমন আনোয়ার, সুষমা ও শামীম মৃধা। সিনেমাহলে মুক্তির আগে গত বছরের ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেয়েছিল ছবিটি।

অনন্য মামুন বলেন, ‘ইচ্ছা ছিল ১৬টি সিনেমাহল না, আরো অনেকগুলো সিনেমাহলে নবাব এলএলবি মুক্তি দেবো। কিন্তু অনেকেই প্রশাসনের ভয়ে সিনেমাহল খুলতে চাচ্ছে না। সরকার এবার নতুন করে কোনো প্রজ্ঞাপন জারি করেনি সিনেমাহল বিষয়ে। সিনেমা আলাদা করে শিল্প হিসেবে ভাবছে না কেউ। কার কাছে বলবো এসব? কোথায় যাবো? স্বাস্থ্যবিধি মেনে সবকিছু চললে সিনেমাহল কেন চলবে না। এভাবে কতদিন বুঝছি না।’