শুধু বির্তকিত মন্তব্য দিয়ে নয়, নিজের কাজ নিয়েও বারবার শিরোনামের আসেন বলিউড কুইন কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি তেমনই একটি খবরে আলোচনায় এলেন তিনি। তবে এবার অভিনয় নয়, নির্মাণ নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন। জানা গেছে, ‘ইমার্জেন্সি’ শিরোনামে ভারতের সাবেক প্রধানমন্ত্রীর বায়োপিক নির্মাণ করছেন তিনি। আর এই বায়োপিকটি তিনি নিজেই পরিচালনা করবেন বলে ঘোষণা দিয়েছেন। শুধু তা-ই নয়, এই বায়োপিকটি তার চেয়ে ভালো কেউ নির্মাণ করতে পারবে না বলেও মন্তব্য করেছেন এই অভিনেত্রী। কঙ্গনা তার ইনস্টাগ্রামে লেখেন, ‘আবারো পরিচালনার টুপি পরতে পেরে আনন্দিত। ১ বছরের বেশি সময় ধরে ইমার্জেন্সি নিয়ে কাজ করে বুঝতে পেরেছি এই বায়োপিকটি আমার চেয়ে ভালো কেউ নির্মাণ করতে পারবে না। প্রখ্যাত রাইটার রিতেশ শাহের সঙ্গে যোগাযোগ করছি। তার সঙ্গে আলোচনা করে শিল্পী নির্বাচন থেকে শুরু করে যেকোনো পরিবর্তন করে কাজটি সফলভাবে শেষ করতে চাই।’ কঙ্গনার এমন মন্তব্যে তার ভক্তরা শুভেচ্ছা জানালেও অনেকে এ নিয়ে নেতিবাচক মন্তব্যও করছেন। এটা আলোচনায় আসার কৌশল বলেও অনেকে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, এর আগে বেশ কয়েকটি সিনেমা কঙ্গনা পরিচালনা করে প্রশংসিত হয়েছেন।
