বরিশাল বিভাগের ছয় জেলা হাসপাতাল ও ৩৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সকের মোট পদের প্রায় অর্ধেকই শূন্য রয়েছে। একই সঙ্গে টেকনোলজিস্টসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবল কাঠামোতেও সংকট রয়েছে। এর মধ্যেই বিভাগের ২ হাজার ২২০ শয্যায় চিকিত্সা চলছে রোগীদের। এ কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগ কার্যালয় সূত্র জানায়, বিভাগের ৩৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ছয়টি জেলা হাসপাতাল ও ৩৫৬ ইউনিয়ন চিকিত্সাকেন্দ্রে সহকারী সার্জনের পদ রয়েছে ১ হাজার ৯৮টি, অথচ কর্মরত রয়েছেন মাত্র ৫৩৪ জন। আবার ইউনিয়নে কর্মরত সহকারী সার্জনদের মধ্যে অধিকাংশকেই অতিরিক্ত দায়িত্ব দিয়ে রাখা হয়েছে বিভিন্ন হাসপাতালে। উপজেলাগুলোতে ৩১ শয্যার হাসপাতালের অধিকাংশই ৫০ শয্যায় উত্তীর্ণ হয়েছে। কিন্তু জনবল কাঠামো অর্ধেকেরও কম রয়ে গেছে।
সচেতন নাগরিক আন্দোলনের সভাপতি কাজী আবুল কালাম আজাদ জানান, বরিশাল বিভাগে ১ কোটিরও বেশি জনসংখ্যা। অথচ চিকিত্সা খাতে জনবল হাসপাতালগুলোর অর্গানোগ্রামের অর্ধেকেরও কম। তিনি বলেন, চিকিত্সকদের অভাবে অনেক হাসপাতালেই চিকিত্সা পাচ্ছেন না রোগীরা। তাই দ্রুত সময়ের মধ্যে হাসপাতালগুলোতে প্রয়োজনীয় জনবল দেওয়ার দাবি জানান তিনি। এদিকে এমন সংকটের মধ্যেই চলছে করোনা রোগীদের চিকিত্সা। স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য বিভাগে ৫২৩টি আইসোলেশন শয্যার ব্যবস্থা থাকলেও আইসিইউ রয়েছে শেবাচিমের ১২টি। এছাড়া বিভাগের কোথাও বেসরকারি ভাবে আইসিইউ কিংবা আইসোলেশন শয্যা নেই। তবে বর্তমানে হাসপাতালগুলোতে কর্মরতরা আগের মতো করোনা নিয়ে আতঙ্কিত নন। তারা করোনা ওয়ার্ডে দায়িত্ব পালনে কোনো ভয় পাচ্ছেন না, যেটা আশাব্যঞ্জক।
পিরোজপুরে আক্রান্তের হার বাড়ছে
গত কয়েক দিন ধরে পিরোজপুর জেলায় আক্রান্তের হার বাড়ছে। পূর্বে যেখানে প্রতিদিন ৮/১০ জন গড়ে আক্রান্ত হতো, সেখানে গত কয়েক দিন ধরে ৩০ থেকে ৩৫ জন করে আক্রান্ত হচ্ছে। পাশের বাগেরহাট জেলার সঙ্গে পিরোজপুরের যোগাযোগ থাকায় আক্রান্তের হার বাড়ছে বলে ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল মন্তব্য করেন।
পৌঁছেছে ৭৬ হাজার ভ্যাকসিন
বরিশাল বিভাগের কোটি মানুষের মধ্যে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছিলেন ২ লাখ ৫০ হাজার মানুষ। এদের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৭২৬ জন। নতুন করে যে ৭৬ হাজার ৮০০ করোনার ভ্যাকসিন এসেছে তা মেডিক্যাল কলেজ, নার্সিং ইনস্টিটিউট ও দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবেন বলে জানা গেছে।
