নোয়াখালীর বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের দুই গ্রুপের পালটাপালটি কর্মসূচির কারণে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর।
এই সময়ের মধ্যে পৌর এলাকায় কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ বা গণজমায়েতে নিষেধাজ্ঞা দেওয়া হয়। উল্লেখ্য, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট বোন রোকেয়া বেগমের বাসায় বুধবার রাতে একদল দুর্বৃত্তের হামলার প্রতিবাদে গতকাল বিকালে বসুরহাট রূপালী চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ। এরপর একই স্থানে বেলা ৩টায় পালটা সমাবেশের ডাক দেয় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী উপজেলা ছাত্রলীগ। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।
পরিস্থিতির পরিবর্তন
চাই :কাদের মির্জা
এদিকে সেতুমন্ত্রীর ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘আমি কোম্পানীগঞ্জের এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির পরিবর্তন চাই। কোম্পানীগঞ্জের চরফকিরা, চরএলাহী, রামপুর, মুছাপুর, চরহাজারী ও চরপার্বতী ইউনিয়নে যে অস্বস্তিকর পরিস্থিতি চলছে, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে হবে। আমি কোম্পানীগঞ্জের সব ব্যবসায়ী সংগঠনের সঙ্গে কথা বলেছি। প্রয়োজনে হরতাল, অবরোধ দিয়ে কোম্পানীগঞ্জকে অচল করে দেওয়া হবে। তিনি বৃহস্পতিবার দুপুর ২টায় তার ফেসবুক আইডি থেকে ৪১ মিনিটের লাইভে এসে এসব কথা বলেন। লাইভে তিনি ওবায়দুল কাদেরের উদ্দেশে তার বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ না করার আহ্বান জানান।
