বিশ্বব্যাপী স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক ইউরোপীয় পারমাণবিক গবেষণা সংস্থা (সিইআরএন) আয়োজিত ‘বিমলাইন ফর স্কুল-২০২১’ প্রতিযোগিতায় প্রথমবারের মতো বিজয়ীদের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
বিজয়ী অন্যান্য দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, পর্তুগাল, নেদারল্যান্ড, ক্রোয়েশিয়া, তুরস্ক, চীন (হংকং), কম্বোডিয়া, মরক্কো, চেক প্রজাতন্ত্র, ইতালি, অস্ট্রিয়া, চিলি, সুইজারল্যান্ড, আর্জেন্টিনা, জাপান, মেক্সিকো, ইতালি, নেপাল, জার্মানি ও পোল্যান্ড।
বিশ্বব্যাপী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত ‘বিমলাইন ফর স্কুল-২০২১’ প্রতিযোগিতায় এ বছর ২৬টি টিম বিজয়ী হয়েছে। ২০১৪ সালে প্রতিযোগিতাটি শুরু হওয়ার পর থেকে ৯১টি দেশের ১২ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নিয়েছে। এ বছর কোভিড-১৯ মহামারি চলাকালীন স্কুলগুলোর নানা অসুবিধা সত্ত্বেও ৫৭টি দেশের প্রতিনিধিদের রেকর্ডসংখ্যক ২৮৯টি দল তাদের গবেষণা প্রস্তাব জমা দিয়েছে। এর মধ্যে ২২টি দেশের ২৬টি দল বিজয়ী হয়েছে।
এই সম্মানজনক প্রতিযোগিতায় ১০ সদস্যের বাংলাদেশ টিমের সদস্যরা হলেন—রাজিন শারাফি, ইশমাম সোহরাওয়ার্দী, সাদমান মুনতাসির, তালহা ইবনে আনোয়ার, সাহাফ কবির, শরীফ বিন হক, জুনায়েদ ইকবাল শাহেদ, নাহরিন ইসলাম নীতি, নুসরাত জাহান নিদ্রিতা ও দীপাঞ্জন রায়। গবেষণা মেন্টর ছিলেন সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক নিয়াজ ইসলাম পাভেল।
