নবনিযুক্ত সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। এর পর তিনি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে সেনাকুঞ্জে সেনাবাহিনীর একটি চৌকশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং সেখানে তিনি একটি গাছের চারা রোপণ করেন। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান নবনিযুক্ত সেনাপ্রধানকে ‘জেনারেল’ র্যাংক ব্যাজ পরিয়ে দেন।
জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১৯৬৩ সালের ১ ডিসেম্বর খুলনা জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শেখ মোহাম্মদ রোকন উদ্দিন আহমেদ। জেনারেল শফিউদ্দিন ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ৯ম দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে কমিশন লাভ করেন। কমিশন-পরবর্তী তিনি পার্বত্য চট্টগ্রামে অপারেশন এলাকায় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগদান করে তার সামরিক কর্মজীবন শুরু করেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টারস্ ইন ডিফেন্স স্টাডিজ এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) থেকে ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজে প্রথম বিভাগে এমফিল সম্পন্ন করেন। বর্তমানে তিনি বিইউপি এর অধীনে পিএইচডি সম্পন্নের উদ্দেশ্যে অধ্যয়নরত আছেন। জেনারেল শফিউদ্দিন প্রথম স্থান অধিকার এবং এমআইএসটি গোল্ড মেডেল অর্জনসহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১০ সালে সফলতার সঙ্গে চীনের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি (এনডিইউ) থেকে ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ কোর্স এবং মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে আর্মি স্টাফ কোর্স সম্পন্ন করেন। পাশাপাশি তিনি এনডিইউ, ওয়াশিংটন থেকেও গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। তার চাকরিজীবনও বর্ণাঢ্য। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই কন্যা সন্তানের পিতা।
দায়িত্ব নেওয়ার পর নবনিযুক্ত সেনাপ্রধান বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকীর মাহেন্দ ক্ষণে সেনাবাহিনীর মতো একটি পেশাদার বাহিনীর নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়ার জন্য আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আস্থা রেখে দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সব মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন মুক্তিযুদ্ধের শহিদদের এবং সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি। অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
বিদায়ি সংবর্ধনা : এদিকে, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিদায়ি সংবর্ধনা গতকাল ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের কাছে দায়িত্বভার হস্তান্তরের পর সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পদবির সদস্যের উপস্থিতিতে বিদায়ি সেনাপ্রধানকে সামরিক রীতিতে বিদায় জানানো হয়।
