সংক্রমণ ঊর্ধ্বমুখী এক সপ্তাহে ৫২৩ জনের মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০২১, ২৩:২১

দেশে টানা এক সপ্তাহ করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। সাত দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৮৪৮ জন এবং মারা গেছেন ৫২৩ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৫৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এক দিনে শনাক্ত রোগীর এই সংখ্যা গত আড়াই মাসের মধ্যে সবচেয়ে বেশি। গত এক দিনে করোনায় মারা গেছেন ৮১ জন।              এর মধ্যে খুলনা বিভাগে সর্বোচ্চ ২৩ জন মারা গেছেন। অর্থাত্, খুলনায় টানা তিন দিন সর্বাধিক মৃত্যু হয়েছে।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সরকার এপ্রিলে কঠোর বিধিনিষেধ আরোপের পর মে মাসে দৈনিক শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেশ খানিকটা কমে এসেছিল। কিন্তু করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ডেলটার সামাজিক বিস্তার বা কমিউনিটি ট্রান্সমিশন ঘটায় দেশের বিভিন্ন এলাকায় সংক্রমণ ও মৃত্যু জুনের শুরু থেকে আবার বাড়ছে। গত ২৩ জুন শনাক্ত হন ৫ হাজার ৭২৭ জন। গত ২২ জুন ৪ হাজার ৮৪৬ জন, ২১ জুন ৪ হাজার ৬৩৬ জন, ২০ জুন ৩ হাজার ৬৪১ জন, ১৯ জুন ৩ হাজার ৫৭ জন এবং ১৮ জুন ৩ হাজার ৮৮৩ জন করোনা রোগী শনাক্ত হন। গত এক সপ্তাহে শনাক্ত রোগী বাড়ার পাশাপাশি বেড়েছে মৃত্যুও। গত ২৩ জুন ৮৫ জন, ২২ জুন ৭৬ জন, ২১ জুন ৭৮ জন, ২০ জুন ৮২ জন, ১৯ জুন ৬৭ জন এবং ১৮ জুন ৫৪ জন করোনায় মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫৫৪টি ল্যাবে ৩০ হাজার ৩৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬৮ লাখ ৩৫ হাজার ৪৬৬টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৯ দশমিক ৯৩ শতাংশ, যা আগের দিন ২০ দশমিক ২৭ শতাংশ ছিল। দেশে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ০৫ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের ২৩ জনই ছিলেন খুলনা বিভাগের বাসিন্দা। ঢাকা বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে সাত জন, বরিশাল বিভাগে তিন জন, রংপুর বিভাগে সাত জন এবং ময়মনসিংহ বিভাগে তিন জনের মৃত্যু হয়েছে গত এক দিনে।

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ১১০ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের পজিটিভ রিপোর্ট আসে। চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান ইত্তেফাককে এ তথ্য জানান।

শনিবার থেকে পিরোজপুরে চার

পৌরসভায় লকডাউন

পিরোজপুর অফিস জানায়, পিরোজপুরে ক্রমাগত বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় পিরোজপুরে ১০২টি পরীক্ষায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। পিরোজপুর জেলা হাসপাতালে চিকিত্সাধীন একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৩ জনের। এদিকে করোনা বৃদ্ধি পাওয়ায় আগামী শনিবার থেকে পিরোজপুরের চারটি পৌরসভা যথা পিরোজপুর, স্বরূপকাঠি, মঠবাড়িয়া ও ভাণ্ডারিয়া পৌরসভা এলাকায় সাত দিনের জন্য কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি উপস্থিত ছিলেন।

বরিশাল অফিস জানায়, বরিশাল বিভাগে গতকাল দুপুর ২টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় নতুন করে ১২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৭৩। বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, বিগত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সবচেয়ে বেশি ৫২ জন আক্রান্ত হয়েছে পিরোজপুর জেলায়।

সাতক্ষীরায় আরো এক সপ্তাহের

লকডাউন ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরায় করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে চলায় জেলা প্রশাসনের করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভা থেকে লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ২৬ জুন শনিবার থেকে এক সপ্তাহের জন্য চৌমুহনী পৌর এলাকা ও বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারীশপুর ও একলাশপুর ইউনিয়নে জেলা প্রশাসন কর্তৃক লকডাউন ঘোষণা করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধি জানান, গত ৪৮ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় জেলা শহর মাইজদী তথা নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ছয়টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা চতুর্থবারের মতো আবারও সাত দিন বাড়ানো হয়েছে। নতুন করে চৌমুহনী পৌরসভা এবং বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ও  একলাশপুর লকডাউনের আওতায় আনা হয়েছে। করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।