বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের দুই বারের সফল সংসদ সদস্য বঙ্গবন্ধুর দৌহিত্র মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বাসভবনে গিয়ে ফুল দিয়ে তার সঙ্গে বৃহস্পতিবার শুভেচ্ছা বিনিময় করেছেন শিবচরের নবনির্বাচিত দুই ইউপি চেয়ারম্যান মাদবরচর ইউনিয়নের হাজি মো. ফজলুল হক মুন্সী ও দত্তপাড়া ইউনিয়নের মুরাদ মিয়া। এর আগে দুই চেয়ারম্যান দত্তপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদাভাই) কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও মোনাজাতে অংশ নেন। গত সোমবার ২২ জুন নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় ১৩ ইউনিয়নে ভোটগ্রহণ, গণনা ও ফল প্রকাশ। উত্সবমুখর এই নির্বাচনে ভোট পড়েছে শতকরা প্রায় ৭৫ শতাংশ। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিবচরের এই নির্বাচনকে দেশের স্থানীয় সরকার নির্বাচনের মডেল বা দৃষ্টান্ত হতে পারে বলে আখ্যা দিয়েছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর টিমওয়ার্কেই এই সফলতা এসেছে বলে কর্মকর্তা ও প্রার্থীরা দাবি করেন। জেলা প্রশাসক নির্বাচনের সফলতার জন্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর উদ্যোগে আওয়ামী লীগ প্রার্থিতা উন্মুক্ত করার প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সোমবার শিবচর উপজেলার ১৩টি ইউনিয়নে প্রথম দফার নির্বাচন উত্সবমুখর পরিবেশে সম্পন্ন হয়। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭১ হাজার ২৫৫ জন। নির্বাচনে ভোট পড়েছে ৭৪.৭৪ শতাংশ।
