চাঁদপুরে মো. মজিবুর রহমান মজু খাঁ (৬০) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার রাতে চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গম্বুজ মসজিদসংলগ্ন বিলের মধ্যে থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তিনি চান্দ্রা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্য বাখরপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় মুদি ব্যবসায়ী ছিলেন। তার চার ছেলে দুই মেয়ে রয়েছে। নিহতের ছেলে সালমান খান বাদী হয়ে একটি মামলা করেন। এ ঘটনায় বুধবার দুই জনকে আটক করেছে পুলিশ।
নিহতের স্বজনরা জানান, মজু খাঁ ঐ দিন বিলের মধ্যে মাছ ধরার চাঁই বসাতে গিয়ে নিখোঁজ হন। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় তার স্ত্রীসহ স্বজনরা তাকে খুঁজতে বিলে যান। গিয়ে দেখেন পাশের পাটখেতে গলাকাটা অবস্থায় তার মৃতদেহ পড়ে রয়েছে।
