দুর্নীতির মামলায় বরখাস্ত ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিকের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। আগামী সপ্তাহে এই আবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান। তিনি বলেন, বিশেষ জজ আদালত কর্তৃক পার্থ গোপালকে দেওয়া জামিনের আদেশের অনুলিপি পেয়েছি। এখন তা পর্যালোচনা করে জামিন বাতিল চেয়ে আবেদন করা হবে।
এদিকে পার্থ গোপাল যাতে দেশত্যাগ করতে না পারেন সেজন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।
গত ১৭ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেনের ভার্চুয়াল আদালত ১৫ জুলাই পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। পরে তিনি কারামুক্তি পান।
২০১৯ সালের ২৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পার্থ গোপাল বণিককে। ঘুষ ও দুর্নীতির কয়েক লাখ নগদ টাকা তার বাসায় রয়েছে এমন তথ্যের ভিত্তিতে ঐদিন বিকালে তার বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ৮০ লাখ টাকা জব্দ করা হয় এবং তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। পরে দুর্নীতির মামলা করে দুদক।
