টিকটক-পাবজি-ফ্রি ফায়ার-লাইকি বন্ধে রিট

আপডেট : ২৫ জুন ২০২১, ০০:১৮

দেশের সব অনলাইন প্ল্যাটফরম থেকে টিকটক, বিগো লাইভ, পাবজি, ফ্রি ফায়ার গেম এবং লাইকির মতো সব ধরনের অনলাইন গেমস ও অ্যাপস অবিলম্বে বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব এ রিট করেন।

এসব অ্যাপস ও গেমসের আড়ালে শত শত কোটি অর্থ পাচার ও লেনদেনে জড়িত ব্যক্তিদের চিহ্নিতের পাশাপাশি তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবীদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে তরুণদের জন্য ক্ষতিকর গেমস ও অ্যাপস বন্ধে বিটিআরসিকে নিয়মিত সুপারিশ করার কথা রিটে বলা হয়েছে।

আবেদনে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, শিক্ষাসচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, স্বাস্থ্যসচিব, পুলিশের আইজি, বাংলাদেশ ব্যাংক গভর্নর, মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।