গাজীপুর মহানগরীতে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে আশপাশের পরিবেশ দূষণ করায় বৃহস্পতিবার মহানগরীর সারাবো কাশিমপুর এলাকার ঝংসিয়ান রিজেনারেশন রিসোর্সেস লিমিটেড নামক প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানার ম্যানেজার কোরবান আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া কাশিমপুরের হাতিমারা এলাকার টংরিভ দ্য ইন্ডাস্ট্রি লিমিটেড ইউনিট-০২ নামক কারখানাকে একই অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়। দুটি কারখানারই উত্পাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। এসময় পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়া টঙ্গীর বড় দেওরা এলাকায় হেলাল উদ্দিন নামক এক ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। তাকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। র্যাব-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ এ অভিযান পরিচালনা করেন। এখানে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া ও পরিদর্শক সঞ্জিত বিশ্বাস উপস্থিত ছিলেন।
