রমনা বটমূলে বোমা হামলা

মামলার ডেথ রেফারেন্স শুনানি ২৪ অক্টোবর

আপডেট : ২৫ জুন ২০২১, ০০:২১

রমনা বটমূলে বোমা হামলা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির জন্য ২৪ অক্টোবর দিন ধার্য করেছে হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই দিন ধার্য করে দেন। মামলায় শুনানি প্রস্তুতির জন্য সময় চায় রাষ্ট্রপক্ষ। পরে আদালত শেষ বারের মতো সময় দেয়।

অ্যাটার্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ইত্তেফাককে বলেন, আগে যারা এই মামলার শুনানি করেছেন সেই সব আইন কর্মকর্তা এখন পদে নাই। এ কারণে নতুন করে যারা মামলাটি শুনানি করবেন রাষ্ট্রপক্ষে তাদের প্রস্তুতি দরকার। এজন্য সময় চাওয়া হয়েছে আদালতে।

২০০১ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে ছায়নটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ১০ ব্যক্তি নিহত হন। ঐ ঘটনায় রমনা থানায় দুটি মামলা করে পুলিশ। মামলা দায়েরের এক যুগ পর হত্যা মামলায় ২০১৪ সালের ২৩ জুন মুফতি আব্দুল হান্নানসহ আট জনকে মৃত্যুদণ্ড দেয় আদালত। যাবজ্জীবন দণ্ড দেয় ছয় জনকে। এই রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি আসামিরা খালাস চেয়ে আপিল করেন। অগ্রাধিকার ভিত্তিতে ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থায় পেপারবুক প্রস্তুত হয়। এরপরই মামলাটি শুনানির জন্য বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠান তত্কালীন প্রধান বিচারপতি। ঐ বেঞ্চে পেপারবুক পড়া শেষে রাষ্ট্র ও আসামি পক্ষ প্রাথমিক যুক্তিতর্ক উপস্থাপন করে। কিন্তু শুনানি শেষের পূর্বেই বেঞ্চের এখতিয়ারে পরিবর্তন আসে। এরপর শুনানির জন্য বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডেথ রেফারেন্স বেঞ্চে পাঠানো হয়। ঐ বেঞ্চের কার্যতালিকার ১৭ নম্বর ক্রমিকে অন্তভুর্ক্ত ছিল মামলাটি। কিন্তু পরবর্তীকালে ঐ বেঞ্চের এখতিয়ার পরিবর্তন হওয়ায় মামলাটি বিচারের জন্য পাঠানো হয় বিচারপতি কৃঞ্চা দেবনাথ ও বিচারপতি এ এস এম আব্দুল মোবিনের বেঞ্চে। এখন ভার্চুয়ালি এই ডেথ রেফারেন্স বেঞ্চে হত্যা মামলাটির দ্বিতীয় ধাপের বিচার সম্পন্ন হবে। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান ও আসামিদের পক্ষে মোহাম্মদ শিশির মনির উপস্থিত ছিলেন।