নিরাপদ পানি সরবরাহের দাবিতে ওয়াসাকে মহনগর বিএনপির স্মারকলিপি

আপডেট : ২৫ জুন ২০২১, ০০:৩১

পানির দাম বাড়ানোর প্রতিবাদ ও নাগরিকদের নিরাপদ পানি সরবরাহের দাবিতে ঢাকা ওয়াসাকে স্মারকলিপি দিয়েছে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারে ঢাকা ওয়াসার কার্যালয়ে ঢাকা মহানগরের নেতাকর্মীরা এই স্মারকলিপি দেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘গত ১৩ বছরে ১৪ বার পানির দাম বাড়ানো হয়েছে। এই অমানবিক ও গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে আমরা এসেছি। এ জন্যই স্মারকলিপি দেওয়া।’

তিনি আরো বলেন, ‘অনতিবিলম্বে পানির দাম কমানো ও পানির মান আরো ভালো করার জন্য এই স্মারকলিপি। আমরা চাই, সরকার এই দাবি মেনে নেবে। নয়তো আমরা কঠোর আন্দোলনের দিকে যাব।’ স্মারকলিপিতে বলা হয়, বারবার পানির দাম বৃদ্ধিতে ঢাকার নাগরিকদেরকে পানি নিয়ে একদিকে যেমন নানা দুর্দশা ও বিড়ম্বনার শিকার হতে হয়েছে, অপরদিকে নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। সংকট দূরীকরণে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সরবরাহকৃত পানিতে ময়লা ও দুর্গন্ধ থাকায় নাগরিকরা চরম দুর্ভোগের শিকার ও নানা রোগে আক্রান্ত হচ্ছেন।

সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মুন্সী বজলুল বাসিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক এ এফ এম আবদুল আলীম নকী প্রমুখ।