নারী ও শিশু পাচারে জড়িতদের ছাড় নয় -------- বিজিবি মহাপরিচালক

আপডেট : ২৫ জুন ২০২১, ০০:৩১

নারী ও শিশু পাচারে জড়িত কেউ কোনোভাবে ছাড় পাবে না বলে হুঁশিয়ার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে সীমান্ত ব্যাংকের ১৯তম শাখার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, নারী-শিশু পাচার ও মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি রয়েছে। এসব বিষয়ে কারো কোনো সুপারিশ বিজিবি পাত্তা দেয় না।

সম্প্রতি একটি চক্র সহস্রাধিক নারী ভারতে পাচার করেছে। এ প্রসঙ্গে বিজিবি মহাপরিচালক বলেন, নারী পাচার রোধে মিডিয়ার একটি বড় ভূমিকা রয়েছে। কেউ যেন প্রলোভনে পড়ে পাচারের শিকার না হন, সেদিকে সমাজের সবাইকে সচেতন থাকতে হবে।

সীমান্ত ব্যাংকের শাখা উদ্বোধনের সময় বিজিবি প্রধান বলেন, পর্যায়ক্রমে ব্যাংকিং সেবা সীমান্তে পৌঁছে দেওয়া হবে। বিজিবির সদস্যরা সহজ শর্তে ঋণ পেয়ে থাকেন। সদস্যদের সন্তানদের পড়াশোনা শেষে ব্যাংকে চাকরির ব্যবস্থা করা হয়।