ভারতবর্ষে মুদ্রিত প্রথম বই

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৬

ভারতবর্ষে সর্ব প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা হয় ১৫৫৬ খ্রিস্টাব্দে গোয়ায় কয়েকজন পর্তুগিজ জেসুইট পাদ্রীর আনুকূল্যে। একটি জাহাজে করে ছাপাখানাটিকে পর্তুগাল থেকে উত্তমাশা অন্তরীপ হয়ে বর্তমান ইথিওপিয়া নিয়ে যাওয়া হচ্ছিল। মাঝপথে গোয়াতে বিশ্রামের জন্য জাহাজটি দাঁড়ায়। তারপর নানা নাটকীয়তার মধ্য দিয়ে আবিসিনিয়াতে না গিয়ে সেই ছাপাখানা গোয়াতেই প্রতিষ্ঠিত হয়। জন দা বুসামেন্ট নামক এক স্পেনীয় ধর্মযাজক ও মুদ্রাকর এই ছাপাখানা থেকে Conclus’s নামে একটি পর্তুগিজ ভাষায় রচিত ও রোমান অক্ষরে মুদ্রিত ধর্মপ্রচারমূলক গ্রন্থ প্রকাশ করেন। এটিই ভারতবর্ষে মুদ্রিত প্রথম বই। এরপর সেই প্রেসে আরো বেশকিছু গ্রন্থ ছাপা হয়। কিন্তু সবই ওই পর্তুগিজ ভাষায় ও রোমান হরফে।

ভারতীয় ভাষায় ছাপা প্রথম গ্রন্থটি আসতে সময় লেগেছিল আরো ২২ বছর! ১৫৭৮ খ্রিস্টাব্দে কেরালার কুইলন থেকে Doutrina Christ নামক একটি পর্তুগিজ বইয়ের তামিল অনুবাদ গ্রন্থ Christya Vannakanam প্রকাশিত হয়। এটিই ভারতীয় ভাষায় ও ভারতীয় হরফে মুদ্রিত প্রথম গ্রন্থ। আর এই গ্রন্থ নির্মাণের জন্য তামিল মুদ্রাক্ষরগুলো তৈরির মাধ্যমে যিনি ভারতীয় মুদ্রণ শিল্পের ইতিহাসে পথিকৃত্ হয়ে থাকলেন তিনি একজন জেসুইট পাদ্রী, নাম জোহানেস গনজালভেস।