ডেলটা ভ্যারিয়েন্টের ধাক্কা

সিডনিতে লকডাউন, ইসরাইলে আবারও মাস্ক পরতে কড়াকড়ি

আপডেট : ২৬ জুন ২০২১, ০০:৩২

করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি প্রাথমিকভাবে সামাল দিতে সফল হয়েছিল অস্ট্রেলিয়া ও ইসরাইল। কিন্তু করোনার ডেলটা ভ্যারিয়েন্টের ধাক্কায় আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে তারা। অস্ট্রেলিয়ার সিডনির কেন্দ্রস্থল এবং বন্ডাই সৈকতসহ পূর্বাঞ্চলীয় শহরতলীর প্রায় ১০ লাখের বেশি মানুষের জন্য লকডাউন জারি হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার নতুন করে আরো ১৭ জন সংক্রমিত হয়েছেন। সব মিলিয়ে ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ৬৫ জন।

খবরে বলা হয়েছে, গত বছর ডিসেম্বরের পর এবারই সিডনিতে প্রথম লকডাউন হচ্ছে। এতদিন পর্যন্ত দেশটিতে কোভিড সংক্রমণের হার খুব কমই ছিল। নিউ সাউথ ওয়েলসের প্রাদেশিক সরকারের প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিকলিয়ান বলেন, আমরা কয়েক সপ্তাহের জন্যও এ পরিস্থিতি দেখতে চাই না। যত দ্রুত সম্ভব এই অবস্থার অবসান চাই। চিকিত্সকেরা মনে করছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে গোটা নগরী শাটডাউন না করে বরং কিছু এলাকা লকডাউন করে রাখার এ পদক্ষেপই এখন প্রয়োজন। শনিবার থেকে জরুরি প্রয়োজন ছাড়া নির্দিষ্ট এসব এলাকার মানুষ ঘর থেকে বের হতে পারবেন না। ২ জুলাই পর্যন্ত চলবে এই লকডাউন।

অন্যদিকে মাত্র দুই সপ্তাহ আগে মাস্ক পরার ওপর থেকে তুলে কড়াকড়ি তুলে নিয়েছিল ইসরাইল। কিন্তু ডেলটা ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াতে শুরু করায় আবারও মাস্ক পরার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে।