আশাফা সেলিম
নানান জাতের দেশি মাছের স্বাদ—
ক্রমেই যেন দূর আকাশের চাঁদ।
পুকুর-নদী ঘেঁটেও সেসব আজ—
খুঁজে পাওয়াই মহা কঠিন কাজ!
হাট-বাজারে একটু যদি ওঠে
দাম শুনলে দম থাকে না মোটে।
রুগ্ণ পকেট, শুকনো মুখের ক্রেতা
পালিয়ে বাঁচেন, তাতেই তাদের ‘জেতা’।
মাছগুলো কি সবই যাচ্ছে খোয়া—
পাবদা, পুঁটি, টেংরা কিংবা মোয়া?
শিং, খলসে, কৈ-মাগুরের ঝোল
নেই বেশি আর চিতল বোয়াল শোল।
রুই কাতল আর মৃগেল চিংড়ি মাছের
জাতগুলো আর নয়কো হাতের কাছের
ইলিশ সে তো ‘বড় বাপের পোলা’র
তাই মানিব্যাগ সাহস পাই না খোলার।
হরেক রকম হাই বিরিডের ভিড়ে
দেশিরা সব লুপ্ত ধীরে ধীরে!
তাই যদি হয়, তবে?
‘মাছে-ভাতে বাঙালি’ও কি
হাই বিরিডের হবে?
