ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে গৌতম বালা নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকালে তাকে আটক করা হয়। তিনি ভারতের ২৪ পরগনা জেলার নতুননগর থানার চরচালকা গ্রামের সাগর বালার ছেলে। বিজিবির খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির শ্যামকুড় বিওপির টহল দল চেয়ারম্যান ঘাট এলাকা থেকে ঐ ভারতীয় নাগরিক আটক করে। বিজিবির পক্ষ থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মামলা দিয়ে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
