রাঙ্গামাটি প্রতিনিধি
কাপ্তাই হ্রদ, পুকুর, ক্রীক জাতীয় খাঁচায় মাছ চাষ করা হলে মাছের উত্পাদনের লক্ষ্যমাত্রা অনেকাংশে বেড়ে যাবে। গতকাল রবিবার দুপুরে কাপ্তাই হ্রদ এলাকার পরিবেশ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এ অভিমত ব্যক্ত করেন।
রাঙ্গামাটি মত্স্য অফিসের সম্মেলন কক্ষে আসসালাম এগ্রো টেক লিমিটেড-এর আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি বিএফডিসি’র ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আসাদুজ্জামান, রাঙ্গামাটি জেলা বন সংরক্ষক সানাউল্লাহ পাটোয়ারী, বিএফডিসি’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আজহার আলী, আসসালাম এগ্রো টেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান রাহাত। কাপ্তাই হ্রদ এলাকার পরিবেশ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষিবিদ মোঃ মাসুদ হাসান। প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, হ্রদের নাব্যতা হারানো, অবৈধ উপায়ে মাছ শিকার, মানুষের বর্জ্যে লেক দূষিত হওয়া এর মূল কারণ। এ তিন বিষয়ে দ্রুত করণীয় পদক্ষেপ নিতে হবে।
