রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
রাঙ্গুনিয়ায় গত শনিবার দিনভর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে উপজেলা সরফভাটা ও ইসলামপুর ইউনিয়নে ৪টি ইটভাটায় ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ইছামতি ও শিলক খালে বালু তোলার ৩টি যন্ত্র নষ্ট করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে সহযোগিতা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুরবিতা চাকমা, থানার উপপরিদর্শক মোহাম্মদ ইসমাইল।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে শুরু করে বিকাল অবধি টানা অভিযান চালানো হয়। পরিবেশের ছাড়পত্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন বিহীন এবং অবৈধভাবে জ্বালানিকাঠ পোড়ানোর দায়ে সরফভাটা ইউনিয়নে এসবিএম ইটভাটায় ৩০ হাজার টাকা, ইসলামপুর ইউনিয়নের এবিএম শাহআমানত ব্রিক ও আবুল বশর ব্রিকসহ তিনটি ইটভাটায় ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। এসময় ড্রেজার মেশিনে অবৈধভাবে বালু উত্তোলনের সময় উপজেলার শিলকখাল ও ইছামতি খালে তিনটি যন্ত্র পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইটভাটাগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত চলবে।
