রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমার হত্যা মামলার অন্যতম আসামি ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙ্গামাটি জেলা সভাপতি কুনেন্টু চাকমাকে গুলিসহ একটি বিদেশি পিস্তল ও নগদ ৪ লাখ টাকাসহ আটক করেছে যৌথ বাহিনী। গত শনিবার দুপুরে রাঙ্গামাটির কুতুকছড়ির উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী কুনেন্টু চাকমাকে আটক করে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার সহকারী পুলিশ পরিদর্শন মোঃ আনোয়ার জানান, গোপন সূত্রে খবর পেয়ে কুতুকছড়ির উপর পাড়া এলাকায় যৌথ বাহিনী এ অভিযান চালায়। অভিযানের সময় কুনেন্টু চাকমাকে গ্রেফতার করা গেলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযানে ৪টি মোবাইল ও ইউপিডিএফ এর চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। রাঙ্গামাটি কোতয়ালী থানায় আটককৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
