ফেনী প্রতিনিধি
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নাজমুল হুদা বিপ্লব (২৫) নামে ফেনীর দাগনভূঁইয়ার এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটো লোকেশনের এলডেরাডো পার্ক এলাকায় তার দোকানে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন বলে পরিবার সূত্রে জানা যায়।
নিহতের পরিবার জানায়, পাঁচ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমায় দাগনভূঁইয়া উপজেলার উত্তর শ্রীধরপুর গ্রামের হোসেন সেরাং বাড়ির আবদুর রাজ্জাক ওরফে রেজু মিয়ার ছেলে বিপ্লব।
দাগনভূঁইয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন জানান, তার ওয়ার্ডের বিপ্লব নামে এক যুবক দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বলে তিনি শুনেছেন।
