সীতাকুণ্ডে চাঁদা না দেয়ায় শিপইয়ার্ড নির্মাণে বাধা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৪

দুজন আহত, থানায় অভিযোগ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুণ্ডে চাঁদা না দেয়ায় শিপইয়ার্ড নির্মাণ কাজে বাধা দিয়ে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২ জনকে আহত করেছে।

জানা যায়, গত শনিবার দুপুর ২টায় বিশিষ্ট শিল্পপতি রাজা কাশেম বিবিসি স্টিল নামে একটি শিপইয়ার্ড করার জন্য বেশ কিছুদিন ধরে কাজ শুরু করে। কিন্তু দীর্ঘদিন ধরে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী সরকার দলীয় নেতাদের নাম ভাঙিয়ে তারা চাঁদা দাবি করে আসছিল। অবকাঠামো নির্মাণে প্রতিদিনের ন্যায় শ্রমিকরা ঐদিন কাজ করার সময় সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে সন্ত্রাসীদের হামলায় ইয়ার্ডের কর্মকর্তা মোস্তফা কামাল (৪৯) ও তৌহিদ মুরাদ কাজল (৪৮) আহত হয়। আহতদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জীবন (২৮), রিদোয়ান (৩০), রহমান (২৬) ও ফাহিমসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। ইয়ার্ড মালিক রাজা কাশেম বলেন, চাঁদা না পেয়ে যারা আমার ইয়ার্ড কর্মকর্তাদের উপর হামলা চালায় তাদের নাম উল্লেখ্য করে থানায় অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।