টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফে বিজিবি জওয়ানেরা রোহিঙ্গা বসতিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে।
জানা যায়, গত শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির সুবেদার হুমায়ুন কবির গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের সি-ব্লক-২ এ নুর হোছনের বাড়িতে অভিযান চালিয়ে খাটের নিচে অভিনব কায়দায় লুকানো ৯ হাজার ৯শ ৫৭ পিস ইয়াবাসহ নুর হোছনের পুত্র সৈয়দ কাশিম (৩২) কে আটক করে। জব্দকৃত ইয়াবার মূল্য ২৯ লক্ষ ৮৭ হাজার ১ শ টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আছাদুদ-জামান চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
