তাসকিনের স্বপ্নভঙ্গ ও প্রতিজ্ঞা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৪

ইনজুরি থেকে ফিরে এসে নিজেকে পেতে একটু সংগ্রাম করছিলেন।

এবারের বিপিএলে দুরন্ত সেই ফর্মটা ফিরে পেলেন। একেবারে আকাশে উড়ছিলেন যেন তাসকিন আহমেদ। ২৩ উইকেট নিয়ে এখন পর্যন্ত বিপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি। এই দারুণ ফর্মের পুরস্কারও পেলেন। পেসারদের স্বপ্নের ভূমি নিউজিল্যান্ড সফরের দলেই ডাক পেলেন। কিন্তু দুর্ভাগ্য যেন এমন একটা সুসময়ের জন্যই অপেক্ষা করছিল।

এমন সময়েই তাসকিনকে আঘাত করলো চোট। আর সেই চোটে ছিটকে গেলেন সেই নিউজিল্যান্ড সফর থেকেই। উড়তে থাকা তাসকিন এখন ক্রাচে ভর দিয়ে মিরপুর স্টেডিয়ামে এলেন চিকিত্সকের পরামর্শ নিতে। প্রধান নির্বাচকের সঙ্গে লম্বা আলাপে বুঝে ফেললেন, সামনে কঠিন একটা সময় আসছে।

ধরে আসা গলায় বললেন, ‘এই সময়ে এমন আঘাত! এতটাই কষ্ট পাচ্ছি যে, কষ্টটা বুঝিয়ে বলতে পারছি না। শুধু দোয়া করবেন।’

শুক্রবার রাতে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে বাঁ পায়ে চোট পেয়েছিলেন তাসকিন আহমেদ। পরে এমআরআই করে জানা গেছে লিগামেন্ট ছিঁড়ে গেছে তার। ফলে অন্তত ৬ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে। আপাতত বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন। তার বদলি খেলোয়াড় ইতোমধ্যে নির্বাচন করে ফেলেছেন নির্বাচকমন্ডলী। বোর্ড সভাপতির অনুমোদন পেলে জানানো হবে বদলি খেলোয়াড়ের নাম। ভেতরের সূত্রে যতদূর জানা গেল, শফিউল ইসলাম হতে যাচ্ছেন সেই বদলি ফাস্ট বোলার।

তাসকিনের এই দুরন্ত ফর্মের সময়ে ছিটকে যাওয়াটা যে দলের জন্যও বড় একটা আঘাত, সেটা স্বীকার করলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলছিলেন, ‘এটা খুব শকিং। ছেলেটা খুব ভালো ফর্মে ছিল। বিপিএলে দারুণ বল করছিল। আমাদের নিউজিল্যান্ডে এরকম কাউকে দরকার ছিল। এমনিতে আমাদের তো নিয়মিত ১৪০ কিলোমিটারে বল করতে পারা সেরকম বোলার নেই। ফলে তাসকিনকে খুব মিস করবে দল।’

আর তাসকিনের জন্য এটা তো মাথায় আকাশ ভেঙে পড়ার অনুভূতি। এমনিতেই কোমল মনের এই তরুণ যথেষ্টই ভেঙে পড়েছেন। তারপরও নতুন করে আশায় বুক বাঁধার চেষ্টা করছেন। মাশরাফির উদাহরণ সামনে রেখে বলছিলেন, ‘একটা ব্যাপার হলো, আল্লাহ যা করেন, ভালোর জন্য। তাই খুব মন খারাপ করছি না। আর মাশরাফি ভাইয়ের কথা ভাবছি। উনি যতবার ভালো ফর্মে থেকে ইনজুরিতে পড়েছেন এবং ফিরে এসেছেন, সেটা অনুপ্রেরণা হিসেবে নেওয়ার চেষ্টা করছি।’

এখন তাসকিনের মাথায় শুধু বিশ্বকাপ। নিউজিল্যান্ড সফর চলে গেলেও নিজেকে প্রস্তুত করে তুলতে চান বিশ্বকাপের জন্য। আর সেই চেষ্টায় কোনো ঘাটতি রাখতে চান না এই তরুণ ফাস্ট বোলার।