রান্নাবান্না যে শুধু মেয়েদের জন্য তা কিন্তু নয়। ছেলেরা চাইলেও রান্নাবান্না করতে পারেন। দেখা যায়, অনেক ছেলে মেয়েদের চাইতেও ভালো রান্না করতে পারেন। রান্নাবান্না জানা থাকলে অনেক প্রতিকূলতায়ও টিকে থাকা সহজ হয়। ধরুন, আপনি কোন বাসাবাড়ি কিংবা মেসে ভাড়া থাকেন। যদি আপনার রান্নার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি আপনার মতো করে রান্না করে খেতে পারলেন। জীবনের প্রতিটি মুহূর্তে মায়ের হাতের প্রস্তুতকৃত রান্না খাওয়া হয়ে উঠে না। জীবন-জীবিকার তাগিদেই আমাদের বাড়ির বাইরে নিজেদের কর্মস্থলে কাটাতে হয়। অনেকেই বিভিন্ন মাদ্রাসা-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাধে মেস, হল কিংবা বাসাবাড়িতে ভাড়া থাকেন। কিন্তু খাওয়াদাওয়া নিয়ে সমস্যায় পড়তে দেখা যায় অনেককে। কেউ কেউ মেসে খেতে অস্বস্তি বোধ করেন। তৃপ্তিসহ খেতে পারেন না। আবার বাইরে খেতে গেলে পড়তে হয় যত সমস্যায়। অধিকাংশ হোটেল কিংবা খাবারের দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাবান্না হওয়ার ফলে, সেখানে খাবার গ্রহণে থাকে অসুস্থতার ঝুঁকি। করোনার প্রাদুর্ভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। ছুটির এ সময়ে আমরা চাইলে অন্যসব কিছুর সাথে রান্নাবান্নাও শিখে নিতে পারি।
মারুফ হোসেন
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়
