আবারও বার্সার হোঁচট

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৬

স্পোর্টস ডেস্ক

শিরোপাধারী বার্সেলোনা লা লিগায় আবারও ড্রয়ের ফাঁদে পড়েছে। লিওনেল মেসির জোড়া গোল সত্ত্বেও ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করেছে তারা। ম্যাচের শেষদিকে ডান পায়ে চোট পেয়ে চিকিত্সকের শরণাপন্ন হন মেসি। বার্সেলোনার আশা, রিয়াল মাদ্রিদের বিপক্ষে আসন্ন এল ক্ল্যাসিকোর আগেই তাকে ফিরে পাবে দলটি।

নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ম্যাচটির শুরু থেকে আধিপত্য ছিলো সফরকারীদেরই। ভ্যালেন্সিয়া অধিনায়ক দানি পারেহোর জোড়া শট রুখে বার্সাকে ম্যাচে রাখেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। কিন্তু বেশিক্ষণ তা ধরে রাখতে পারেননি তিনি। ২৪ মিনিটে প্রতি আক্রমণে উঠে এসে কেভিন গ্যামেইরোর শট জার্মান গোলরক্ষককে ফাঁকি দিয়ে বার্সার জালে জড়ায়। ৩২ মিনিটে নিজ রক্ষণে সার্জি রবার্তো ভ্যালেন্সিয়ার খেলোয়াড় দানিয়েল ওয়াসকে ফাউল করলে পেনাল্টি পায় ভ্যালেন্সিয়া। সেখান থেকে লক্ষ্যভেদ করলে প্রথমার্ধ্বেই দুই গোলের অগ্রগামিতা পায় ভ্যালেন্সিয়া। ৪১ মিনিটে পেনাল্টি পায় বার্সেলোনাও। সেখান থেকে গোল করে দলকে ম্যাচে ফেরান মেসি। ৬৪ মিনিটে তিনি আবারও লক্ষ্যভেদ করলে সমতা ফেরায় শিরোপাধারীরা।

দলের মিডফিল্ডার ইভান রাকিটিচের মতে প্রথমার্ধ্বে ভালো ফুটবল খেলেনি তার দল। তবে দ্বিতীয়ার্ধ্বে যোগ্য দল হিসেবেই ফিরে এসে ড্র করেছে তারা। তার ভাষায়, ‘আমরা চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছি এবং দ্বিতীয়ার্ধ্বের পুরোটা সময় ধরে আধিপত্য ধরে রেখেছি।’ তবে ম্যাচটি জিততে না পারার কিছুটা হতাশাও ঝড়ে পড়লো ক্রোয়াট মিডফিল্ডারের কণ্ঠে। তিনি বলেন  ‘কখনো কখনো তো মনে হয়েছে তাদের বক্সের আশেপাশে আমরা বাস্কেটবল খেলছিলাম। কিন্তু দিনশেষে আমরা তা (জয়) অর্জন করতে পারিনি।’

নিজেদের ড্রয়ের পেছনে রাকিটিচ বড় করে দেখছেন ভ্যালেন্সিয়ার সাম্প্রতিক ছন্দকেই। তার ভাষায়, ‘গেল কয়েক সপ্তাহের ফলাফলের কারণে বেশ আত্মবিশ্বাস নিয়ে এখানে এসেছিলো ভ্যালেন্সিয়া। যারা রক্ষণে বেশ আঁটসাঁট, এমন দলের বিপক্ষে খেলাটা সহজ কাজ নয়। তারা প্রতি আক্রমণে আমাদের ধরাশায়ী করতে অপেক্ষা করেছিলো এবং খুব বেশি ঝুঁকি নেয়নি কিন্তু আমরা কঠোর পরিশ্রম করেছিলাম।’

ম্যাচটিতে পেনাল্টি থেকে গোল করে হুগো সানচেজ এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর তৃতীয় খেলোয়াড় হিসেবে লা লিগায় ৫০টি পেনাল্টি গোল করলেন মেসি। তবে এই ম্যাচের শেষের দিকে ডান পায়ে চোট নিয়ে চিকিত্সকের শরণাপন্ন হন তিনি। দ্রুতই তাকে দলে ফিরে পাওয়ার বাসনা ব্যক্ত করলেন রাকিটিচ।

ক্রোয়াট মিডফিল্ডারের ভাষ্যমতে, ‘আমরা আশা করবো (মেসির) এমন জোড়া গোল আরও আসবে। ম্যাচের শেষদিকে সে কিছুটা অসুবিধার সম্মুখীন হয়েছিলো এবং এটা হতাশাজনক! আমরা আশা করবো এটা গুরুতর কিছু নয়। একই কথা (জেরার্ড) পিকের ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ আমাদের সামনে কিছু উত্তেজনাপূর্ণ ম্যাচ অপেক্ষা করছে।’