নিয়মিত বেতন পরিশোধের দাবি মাঠকর্মীদের

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:৫৩

 

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

কালিহাতী (টাঙ্গাইল)  সংবাদদাতা

কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠকর্মীরা সময়মত বেতন পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। অসহায় জীবনযাপন করছেন উপজেলায় বিভিন্ন পর্যায়ে কর্মরত ৭৩ জন মাঠকর্মী।

বেশ কয়েকজন মাঠকর্মী অভিযোগ করেন, করোনাকালে আমরা  স্বাস্থ্যঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি। অথচ আমাদের বেতন নিয়মিত নয়। গত মার্চ মাসের বেতন ২২ এপ্রিল, এপ্রিলের বেতন ১২ মে পেলেও মে মাসের বেতন অদ্যাবধি পাননি। এতে করে অনেক স্বাস্থ্যকর্মীকে কষ্টে দিনাতিপাত করতে হচ্ছে। অতি দ্রুত সমস্যা সমাধানের দাবি করেন তারা।

সময়মতো বেতন না পাওয়ার অভিযোগের সত্যতা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে রোমান সিদ্দিকী বলেন, প্রক্রিয়াগত কারণে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে। মন্ত্রণালায় থেকে বেতনের জন্য ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্যান্সফার) আবেদন গ্রহণ করা হচ্ছে। অনেক স্বাস্থ্যকর্মী এখনো আবেদন করেননি। যারা করেছেন তাদের মধ্যেও ত্রুটিপূর্ণ আবেদন রয়েছে। তাই এই সমস্যা সৃষ্টি হয়েছে। সহকর্মীদের বেতন নিয়মিত করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন বলেও জানান।