সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:৫৪

মাদকবিরোধী কর্মকাণ্ডে তরুণদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে রবিবার জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকাণ্ডে  যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়ন কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর  হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের (প্রশিক্ষণ ও ন্যাশনাল সার্ভিস) পরিচালক ও যুগ্ম-সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান।

পাটচাষিদের প্রশিক্ষণ

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা পাঁচবিবি উপজেলা পরিষদ হলরুমে রবিবার দুপুরে পাটচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরমান হোসেন। অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. শামসুল আলম, জেলা বীজ প্রত্যায়ন কর্মকর্তা শাসসুদ্দিন ফিরোজ ও উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা নাজমুল হক।

শিক্ষায় করোনার প্রভাব বিষয়ে কর্মশালা

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লায় শনিবার দিনব্যাপী ‘গ্রামীণ ছাত্রছাত্রীদের শিক্ষায় করোনার প্রভাব এবং করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) পল্লী শিক্ষা ও সমাজ উন্নয়ন বিভাগের উদ্যোগে বার্ডের ময়নামতী মিলনায়তনে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বার্ডের প্রাক্তন অনুষদ সদস্য ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহজাহান।

সামাজিক নিরাপত্তা কর্মসূচিবিষয়ক সেমিনার

মান্দা (নওগাঁ) সংবাদদাতা মান্দায় রবিবার সমাজ সেবা অধিদপ্তরের বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিমের সভাপতিত্বে সেমিনারে টেলিকনফারেন্সের মাধ্যমে  প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য  ইমাজ উদ্দিন প্রামাণিক।

ইজিবাইক-চালকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে লকডাউনের কারণে কর্মহীন ৬০০ ইজিবাইক চালকের মধ্যে রবিবার চাল ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। জেলার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ খাদ্যসহায়তা দেওয়া হয়। এ সময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা  প্রমুখ উপস্থিত ছিলেন।

মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছার ১০টি ইউনিয়নের ৩৭টি ক্লিনিকে রবিবার ২০ হাজার মাস্ক ও ৮০ বোতল স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. শেখ শহিদুল্লাহ এগুলো বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশিদুজ্জামান মোড়ল প্রমুখ।

আইসিটি-বিষয়ক প্রশিক্ষণ

নেত্রকোনা প্রতিনিধি প্রযুক্তির মাধ্যমে সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা প্রাপ্তিতে প্রযুক্তির ব্যবহার (আইসিটি) বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে রবিবার। দুই দিনব্যাপী এ যুব প্রশিক্ষণ নারী প্রগতি সংঘের প্রশিক্ষণকেন্দ্রে শুরু হয়েছে। বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় ও স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে প্রশিক্ষণ উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান। 

অভিজ্ঞতা বিনিময় সফর

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরে রবিবার দিনব্যাপী  খাঁচার মাছ চাষে অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মত্স্য কার্যালয়ের আয়োজনে খাঁচায় মাছ চাষ অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি বেজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ একোয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় উপজেলার ২০ সদস্যের একটি দল ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পশ্চিম পাইকপাড়া তিতাস নদীতে খাঁচায় মাছ চাষের একটি খামার পরিদর্শন করেন। এ সময় খাঁচার মাছচাষি অসীম দাস তার প্রকল্পের সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন।

 

 

০