নেত্রকোনা জেলা ছাত্রলীগের ৪২ সদস্যের নতুন কমিটি

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:৫৬

২৪ জনই সহসভাপতি

g নেত্রকোনা প্রতিনিধি

অবশেষে দীর্ঘ সাত বছর পর নেত্রকোনা জেলা ছাত্রলীগের ৪২ সদস্যের আংশিক নতুন কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। এই নতুন কমিটিতে শুধু সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের পদের নাম ঘোষণা করা হয়। অন্য পদগুলোর নাম দেওয়া হয়নি। ৪২ সদস্যের কমিটিতে ২৪ জনই সহসভাপতি, আট জন যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাত জন সাংগঠনিক সম্পাদক।

 ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এই কমিটি গত শনিবার বিকালে স্থানীয় সাংবাদিকদের কাছে প্রকাশ করা হয়। নতুন কমিটির সভাপতি হচ্ছেন রবিউল আলম শাওন এবং সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান। প্রথম সহসভাপতি হচ্ছেন মৃণাল কান্তি ভট্টাচার্য, প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক কৌশিক রায় এবং প্রথম সাংগঠনিক সম্পাদক হিমাদ্রী সাহা।

নবগঠিত কমিটির সভাপতি রবিউল আলম শাওন এবং সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান গতকাল রবিবার সকালে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,  দীর্ঘ সাত বছর পর নেত্রকোনা জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করায় জেলা ছাত্রলীগের সব নেতাকর্মীর মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। কারণ, গত কয়েক বছর যাবত্ জেলায় ছাত্রলীগের  সাংগঠনিক কাঠামো বলতে কিছুই ছিল না। তারা কমিটির বাকি অন্য পদগুলো কেন্দ্রের সঙ্গে আলোচনা করে পূরণ করা হবে বলেও জানান। নেত্রকোনা জেলা আওয়ামী লীগ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মতিয়র রহমান খান এবং সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।