পার্থ গোপালের জামিন বাতিল চেয়ে আবেদন দুদকের

আপডেট : ২৭ জুন ২০২১, ২১:৫৮

ইত্তেফাক রিপোর্ট

দুর্নীতির মামলায় বরখাস্তকৃত ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিকের জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছে দুদক। আজ সোমবার এই আবেদনের ওপর শুনানি হতে পারে। গতকাল রবিবার জামিন বাতিলের আবেদন করার পর তা হাইকোর্টের নজরে আনে দুদক। এরপরই বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রাখার নির্দেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

গত ১৭ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেনের ভার্চুয়াল আদালত ১৫ জুলাই পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। পরে তিনি কারামুক্তি পান।

২০১৯ সালের ২৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয় পার্থ গোপাল বণিককে।