স্পোর্টস রিপোর্টার
দুই দলের পয়েন্ট সমান। কিন্তু শেষ ম্যাচে আবারও রংপুর রাইডার্সের বিপক্ষে বড় ব্যবধানে হারার ফলে রানরেটে একটু পিছিয়ে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মুখোমুখি দুই লড়াইয়েই হার ও রানরেটে পিছিয়ে থাকা মিলিয়ে কুমিল্লা পয়েন্ট তালিকার দুই নম্বরে আছে। তাতে অবশ্য ক্ষতি-বৃদ্ধি তেমন হচ্ছে না। আজ সেই রংপুরের বিপক্ষে আবারও খেলতে হবে। এবার কুমিল্লা ও রংপুরের লক্ষ্য সরাসরি ফাইনালে জায়গা করে নেওয়া।
বিপিএলের প্রথম পর্ব শেষ হয়েছে। আজ থেকে শুরু হচ্ছে প্লে অফ। আজ দিনের দ্বিতীয় ম্যাচে, প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কুমিল্লা ও রংপুর। এই ম্যাচে জিতে যাওয়া দল সরাসরি জায়গা করে নেবে ৮ তারিখের ফাইনালে। অন্য দিকে হেরে যাওয়া দলের জন্যও এটা শেষ সুযোগ নয়। যে দল হেরে যাবে তারা আবার বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে লড়ার সুযোগ পাবে। সেখানে প্রতিপক্ষ হবে আজকের প্রথম ম্যাচ, মানে এলিমিনেটরে জয়ী দল।
কুমিল্লা ও রংপুর এই মৌসুমে আজ তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে। কুমিল্লা সারা মৌসুমই দাপট দেখিয়েছে। কিন্তু এই রংপুরের বিপক্ষে গ্রুপপর্বের দুটি ম্যাচেই তারা ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে। দুটি ম্যাচেই একশ রানের কমে অলআউট হয়েছে কুমিল্লা। ফলে আজ তাদের প্রতিশোধ নেওয়ারও একটা ব্যাপার কাজ করবে।
বলাই বাহুল্য, রংপুর ও কুমিল্লার জন্য এটা মৌসুমের সবচেয়ে বড় ম্যাচগুলোর একটা। কিন্তু রংপুরের অলরাউন্ডার রবি বোপারা বলছেন, এটা গ্রুপপর্বের ম্যাচগুলোর মতোই একটা ম্যাচ, ‘এটা তেমন ভিন্ন কিছু নয়। প্রতিটি খেলাই বড় খেলা। এমনকি গ্রুপপর্বের ম্যাচগুলোও আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আসলে মূল ব্যাপার হলো, ‘প্রতিবার একই কাজ ঠিকভাবে করো।’ স্রেফ নিজেদের প্রস্তুতি নিয়ে ধারাবাহিক হতে হবে এবং ফলাফল এমনিতেই আসবে।’
কুমিল্লাকে আগে দুই বার হারানোটা রংপুরকে একটু এগিয়ে রাখবে, এটা অবশ্য অস্বীকার করলেন না বোপারা। তিনি বলছিলেন, ‘হ্যাঁ। আমার মনে হয়, এটা একটা পার্থক্য গড়ে দেবে। রংপুর একটু মানসিকভাবে এগিয়ে থাকবে। আবার ওদের দলে বেশ কিছু ভালো ও অভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা এই পরিস্থিতিতে আগে খেলেছে। ফলে আমরা একটা কঠিন ম্যাচই আগামীকাল আশা করছি।’
রবি বোপারার মতে তাদের এই ম্যাচে পরিকল্পনা খুব সহজ ও সরল, ‘আমাদের পরিকল্পনা একই থাকবে। আমরা যদি আগে বল করি, ওদের যতোটা সম্ভব কম রানে আটকে রাখার চেষ্টা করবো। যদি আগে ব্যাট করি, একটা বড় স্কোর করার চেষ্টা করবো। দেখা যাক, কী হয়।’
কতো স্কোর হলে লড়াইটা জমবে, তা নিয়েও একটা ভালো ধারণা আছে মাঝে বেশ কিছু ম্যাচ বসে থাকা এই অলরাউন্ডারের, ‘আমার মনে হয়, দিনের খেলাটা রাতের চেয়ে ভিন্ন হবে। আমরা গতকাল দেখেছি, রাতের বেলায় মাঠ দিনের চেয়ে ভালো হয়ে ওঠে। ফলে রাতের বেলায় ১৫০-১৬০ এখানে ভালো স্কোর। আর দিনের ম্যাচের জন্য ১২০ হয়তো ভালো স্কোর হতে পারে।’
মিরপুরের উইকেট নিয়ে যে অনুমান করা কঠিন কিছু, সেটা রবি বোপারার কথাতেও উঠে এলো। তিনি বলছিলেন, ‘কখনো কখনো উইকেট ভালোই মনে হয়। ব্যাটসম্যানরা কখনো সহায়তা পায়। কিন্তু এটা যে কোনো সময় চরিত্র বদলে ফেলতে পারে এবং বোলারদেরও সহায়তা করতে পারে। আসলে একটা টি-টোয়েন্টিতে যে কী হবে, সেটা আগে থেকে বলা যায় না। আপনি ভালো বল করেও ৪০ রান দিয়ে ফেলতে পারেন। আবার খারাপ বল করেও ৩-৪ উইকেট পেয়ে যেতে পারেন।’
বিপিএল প্লে অফের সূচী
ম্যাচ দল তারিখ সময়
এলিমিনেটর চিটাগং-ঢাকা ৪ ফেব্রুয়ারি দুপুর ১:৩০
কোয়ালিফায়ার-১ রংপুর-কুমিল্লা ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০
কোয়ালিফায়ার-২ এলিমিনেটর জয়ী
বনাম
১ম কোয়ালিফায়ার
পরাজিত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬:৩০
ফাইনাল প্রথম ও দ্বিতীয়
কোয়ালিফায়ার জয়ী ৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:০০
