দুদকের কোনো তদন্ত কর্মকর্তা কারো ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিতে পারেন না। কমিশনের অনুমোদন সাপেক্ষে আদালতের আদেশে ব্যাংক হিসাব জব্দের সুযোগ রয়েছে। কিন্তু কক্সবাজারে এক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দে যে নির্দেশ দেওয়া হয়েছে তা অবৈধ ঘোষণা করা হলো। এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এই রায় দেয়। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী রাকিবুল হাসান ও দুদকের পক্ষে শাহীন আহমেদ শুনানি করেন।
গত ৬ জানুয়ারি দুদকের চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন কক্সবাজারের বাসিন্দা ব্যবসায়ী বেলায়েত হোসেনের ব্যাংক হিসাব জব্দে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের কক্সবাজার শাখার ম্যানেজারকে নির্দেশ দেন। ঐ নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করে। রুলে বেলায়েতের ব্যাংক হিসাব জব্দ করতে দুদকের তদন্ত কর্মকর্তার নির্দেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়। ঐ রুলের চূড়ান্ত শুনানি শেষে গতকাল হাইকোর্ট এ রায় দেয়।
