এলিমিনেটর লড়াই
স্পোর্টস রিপোর্টার
কাগজে-কলমে শক্তিমত্তার বিচারে চিটাগং ভাইকিংসের অবস্থান সেরাদের কাতারে ছিল না। বিপিএলের ষষ্ঠ আসরে মাঠের ক্রিকেট শুরু হতেই পাশার দান উল্টে দেয় চিটাগং। টুর্নামেন্টের মাঝপথে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছিল মুশফিকুর রহিমের দল। শেষ দিকে কিছুটা পথ হারালেও তৃতীয় অবস্থানে থেকে প্লে-অফে উঠেছে দলটি।
ট্রফির জয়ের মঞ্চে যাওয়ার আগে চিটাগং শিবির নানা কারণে নড়বড়ে হয়ে পড়েছে। চট্টগ্রাম পর্বের পরই ফিরে গেছেন আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ ও নাজিবউল্লাহ জাদরান। গতকাল নেটে ব্যাটিংয়ের সময় ডান পায়ে চোট পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আজ তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে চিটাগংয়ের জন্য স্বস্তির খবর ম্যাচ খেলার মতো ফিট হয়েছেন একা হাতে দলকে তিনটি ম্যাচ জেতানো রবি ফ্রাইলিঙ্ক। দলটির ফিজিও গতকাল বলেছেন, হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে এই প্রোটিয়া অলরাউন্ডার অনুশীলনে বোলিংও করেছেন ব্যথা ছাড়াই।
এমন অবস্থায় আজ বিপিএলের এলিমিনেটর ম্যাচে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস। লিগ পর্বের দুই ম্যাচে মুশফিক বাহিনীর কাছে হেরেছিল সাকিব আল হাসানের দল। যার কারণেই কিনা ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন আজকের ম্যাচে চিটাগংয়ের বিপক্ষে নিজেদের ‘আন্ডারডগ’ ঘোষণা করলেন। আজ এলিমিনেটর ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।
টানা পাঁচ হারের পর লিগ পর্বের শেষ ম্যাচে খুলনাকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে ঢাকা। দল হিসেবে আবারও ছন্দে ফিরেছে তারা। তারপরও গত ২১ জানুয়ারি তিন উইকেটে, ৩০ জানুয়ারি ১১ রানে হারের কারণে চিটাগংকে এগিয়ে রাখলেন সুজন।
গতকাল বিসিবি একাডেমিতে অনুশীলনের আগে তিনি বলেছেন, ‘যেহেতু ওদের কাছে আমরা দুই বার হেরেছি সুতরাং অবশ্যই আমরা আন্ডারডগ। আন্ডারডগ হয়েই আমরা খেলতে নামবো এই ম্যাচে।’
মুশফিকের নেতৃত্বাধীন প্রতিপক্ষ চিটাগংকে সমীহ করছেন ঢাকার কোচ। তিনি বলেছেন, ‘ম্যাচ জিততে হলে দুই একটি পারফরম্যান্স লাগে আসলে। তেমন পারফরমার ওদের আছে। ওদেরকে ছোট করে নেয়ার কিছু নেই।’
নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে জয়ের ভালো সুযোগ দেখছেন সুজন। তিনি বলেন, ‘আমরা যদি আমাদের ডিসিপ্লিনগুলো ঠিক রাখতে পারি, পরিকল্পনা ঠিক মতো কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই ভালো সুযোগ আছে আমাদের।’
আজ ম্যাচ জিততে আত্মবিশ্বাসী চিটাগংয়ের পেসার খালেদ আহমেদ। প্রতিপক্ষের সঙ্গে নিজেদের পার্থক্য নিয়ে বলতে গিয়ে বিগ হিটারের অভাব দেখছেন তরুণ এই পেসার। ঢাকা শিবিরে আছেন তিন ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড ও সুনীল নারিন। সাকিবসহ এই চারজনই টি-২০ ফরম্যাটের বড় তারকা।
গতকাল খালেদ বলেছেন, ‘আসলে আমাদের দলে তেমন বিগ হিটার নেই, কিন্তু ওদের দলে আছে। এখানেই আসলে আমরা একটু পিছিয়ে আছি এবং পার্থক্যটা এখানেই। আমাদের দলে বিগ হিটার কম, আর ওদের দলে বেশি। ওদের সুযোগ থাকবে বেশি বিগ হিট করার।’
লিগ পর্বে ঢাকাকে দুইবার হারানোর আত্মবিশ্বাস আরও চাঙা করছে চিটাগংকে। তবে খালেদের মতে, আজ ম্যাচ জিততে দলটির বড় ভরসা স্থানীয় ক্রিকেটাররা। তিনি বলেছেন, ‘শুরু থেকে স্থানীয় ক্রিকেটারের পারফরম্যান্সেই এতদূর এসেছি আমরা। অবশ্যই চাইবো এই ম্যাচে আমরা স্থানীয় ক্রিকেটাররা বেশি আধিপত্য করে খেলতে। সাথে আমাদের যে বিদেশি ক্রিকেটাররা রয়েছে ওরাও বদ্ধপরিকর যে ভালো কিছু দিতে হবে, শেষ ম্যাচে আমরা ভালো খেলতে পারি নি, তো এই ম্যাচে সবাই বদ্ধপরিকর ভালো খেলার ব্যাপারে।’
সাকিব-রাসেলদের পাশাপাশি মুশফিক-ফ্রাইলিঙ্করা জ্বলে উঠতে পারলে আজ জমজমাট এলিমিনেটর লড়াই দেখতে পাবেন দর্শকরা।
