জেলা ও বিভাগীয় ফুটবল উন্নয়নে সরকারের কাছে বাফুফের প্রস্তাবনা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৯

স্পোর্টস রিপোর্টার

আগামী পাঁচ বছরকে কেন্দ্র করে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাফুফে ফুটবল উন্নয়নের জন্য সরকারের কাছে প্রস্তাবনা দিবে। যেখানে জেলা ও বিভাগীয় ফুটবলের উন্নতির রূপরেখা তুলে ধরে এগিয়ে যাবে দেশের ফুটবল। আগামীকাল মঙ্গলবার দেশের সব জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিদের ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের হলরুমে দুপুরে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বাফুফের ফুটবল পরিকল্পনার কথা তুলে ধরা হবে। বাফুফের সহসভাপতি কাজী নাবিল বাফুফের সভা শেষে জানিয়েছেন, ‘আমরা ৫ বছরের একটি পরিকল্পনা তৈরি করেছি। আমরা যে প্রস্তাবনা তৈরি করেছি সেটা এখনই বলতে চাই। জেলা ও বিভাগীয় ফুটবল সভাপতিরা ঢাকায় আসবেন সেখানে সব কিছু তুলে ধরা হবে।’ বাফুফের সহসভাপতি বলেন, ‘জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিরা সেখানে তাদের মত দিবেন।’ পরিকল্পনার চূড়ান্ত রূপরেখা প্রকাশ না করলেও কাজী নাবিল জানিয়েছেন এখনই বলা যাবে না। কর্মকর্তারা আসুক তারাও দেখুক। কারণ জেলা ও বিভাগীয় ফুটবল নিয়েই তো দেশের ফুটবল।’ তিনি ইঙ্গিত দিয়েছেন জেলা ফুটবল ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয় চাহিদা পূরণ করা যাবে।

কাজী নাবিলের মতে বর্তমান সরকারে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী এসেছেন। যিনি আগে থেকেই ক্রীড়াঙ্গনে ছিলেন। দীর্ঘদিনের অভিজ্ঞতাও রয়েছে তাঁর, ‘আশাকরি ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের বিষয়গুলো ভালো বুঝতে পারবেন। উনি চাইলে আমাদের প্রস্তাবনায় উনার মতামত সম্পৃক্ত করতে পারেন। সবকিছু আলোচনায় উঠবে। এখনই সব বলা যাচ্ছে না।’

বাফুফের বর্তমান মেয়াদ শেষ হবে আগামী বছর। নির্বাচনের এখনো ১ বছর বাকি রয়েছে। আগামী এপ্রিলে নির্বাচন। গুঞ্জন রয়েছে ফুটবল নির্বাচনকে কেন্দ্র করে ফুটবল অঙ্গনের মানুষগুলো তোড়জোড় শুরু করেছে। বাফুফেও সেই পথে যাচ্ছে কিনা নির্বাচনকে সামনে রেখে কাজ করছে কিনা এমন প্রশ্ন উড়িয়ে দিয়েছেন কাজী নাবিল। তিনি বলেন, ‘নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত নয়। নির্বাচন আসতে এখনো ১ বছর দুই মাস বাকি রয়েছে। আমরা ৫ বছরের জন্য ফুটবল উন্নয়নের পরিকল্পনা করছি। সেটাই ক্রীড়া প্রতিমন্ত্রীকে জানাব।’

বাফুফে যে পরিকল্পনা করেছে তা শুধু জেলা ও বিভাগীয় ফুটবল উন্নয়নের লক্ষ্যে। সহযোগিতা করা হবে জেলা ও বিভাগগুলোকে। নাবিল বলেন, ‘এখানে ঢাকার কিছু না। ঢাকা শুধু জেলা হিসেবে থাকবে। সবই জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের জন্য।’ লিগ আয়োজনে বাফুফে এরই মধ্যে জেলাগুলোকে আর্থিক সহায়তা দিয়েছে। কিন্তু সব জেলায় খেলাটা নিয়মিত নয়। বাফুফে বলছে তারা চেষ্টা করছে লিগ যেন নিয়মিত হয়।