ইংল্যান্ডের একটি বাস স্টপে ব্রিটেনের প্রতিরক্ষা সংক্রান্ত অতি গোপনীয় নথির সন্ধান মিলেছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে ব্রিটিশ সরকার। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। দক্ষিণ পূর্ব লন্ডনের কেন্ট বাস স্টপের পেছনে প্রায় অর্ধশত পৃষ্ঠার নথি খুঁজে পান এক ব্যক্তি। পরে তিনি যোগাযোগ করেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসির সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে সেগুলো তুলে দেন সংবাদমাধ্যমটির হাতে।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটোর অপারেশনের সমাপ্তির পরও দেশটিতে যুক্তরাজ্যের সম্ভাব্য সামরিক উপস্থিতির বিস্তারিত পরিকল্পনার উল্লেখ রয়েছে এতে। তবে সবচেয়ে সংবেদনশীল বিষয়টি রাশিয়াকে নিয়ে। গত সপ্তাহে রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপে আকষ্মিকভাবে হাজির হয় ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ডিফেন্ডার। এতে রাশিয়ার পক্ষ থেকে কী প্রতিক্রিয়া হতে পারে সেই সংক্রান্ত সংবেদনশীল আলোচনা ছিল নথিতে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তথ্যের নিরাপত্তার বিষয়টিকে তারা ভীষণ গুরুত্বের সঙ্গে দেখছে এবং এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে নথিগুলো হারানোর বিষয়ে গত সপ্তাহেই তারা অবহিত হয়েছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। -ডয়চেভেলে
