আকাশচুম্বী লক্ষ্যে লড়ছে শ্রীলঙ্কা

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৯

স্পোর্টস ডেস্ক

ক্যানবেরা টেস্ট জয়ের জন্য শ্রীলঙ্কাকে ৫১৬ রানের বিশাল টার্গেট দিলো স্বাগতিক অস্ট্রেলিয়া। জবাবে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ১৭ রান করেছে শ্রীলঙ্কা। ম্যাচ জয়ের জন্য বাকি দু’দিনে আরও ৪৯৯ রান করতে হবে লঙ্কানদের। প্রথম টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অজিরা।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৩৪ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১২৩ রান করেছিলো শ্রীলঙ্কা। ৭ উইকেট হাতে নিয়ে তখনো ৪১১ রানে পিছিয়ে ছিলো লঙ্কানরা। তবে তৃতীয় দিন অস্ট্রেলিয়া বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি লঙ্কান ব্যাটসম্যানরা।

দু’ওপেনার করুনারত্নের ৫৯ ও থিরিমান্নের ৪১ রানের পর শ্রীলঙ্কার মিডল-অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিলো চোখে পড়ার মত। অস্ট্রেলিয়ার পেসার মিশেল স্টার্কের সাথে দলের অন্য বোলারদের তোপে ২১৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। এতে ফলোঅনে পড়ে তারা। কিন্তু শ্রীলঙ্কাকে ফলোঅন না করিয়ে নিজেরাই ব্যাটিং করে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংস শুরু করে ৩৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। পরিস্থিতি সামাল দিতে সতর্কতার সাথে ব্যাট চালান উসমান খাজা ও ট্রাভিস হেড। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি (১০৯*) তুলে খাজা ও পঞ্চম হাফ সেঞ্চুরির (৫৯*) স্বাদ পান হেড। দুই অপরাজিত ব্যাটসম্যান খাজার সেঞ্চুরি ও হেডের হাফ-সেঞ্চুরিতে দলের স্কোর শক্তপোক্ত অবস্থায় পৌঁছানোর পর দ্বিতীয় ইনিংস ৩ উইকেটে ১৯৬ রানে ঘোষণা করে দেয় অস্ট্রেলিয়া। ফলে ম্যাচ জয়ের জন্য ৫১৬ রানের টার্গেট দেয় পায় শ্রীলঙ্কা।

সেই লক্ষ্যে দিন শেষে ৬ ওভার ব্যাট করে কোনো উইকেট হারায়নি শ্রীলঙ্কা। করুনারত্নে ও থিরিমান্নে ৮ রান করে করেন। - বাসস/ক্রিকবাজ