শেষ ইউরো খেলে ফেললেন রোনালদো?

আপডেট : ২৮ জুন ২০২১, ০৩:৪৮

বয়স চলছে ৩৬। আরেকটা ইউরো বছর চারেক পর। ততদিনে ৪০ এর ঘরে পা রাখবেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাহলে কি এটাই সিআরসেভেনের শেষ ইউরো? বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটাই কি হয়ে গেল পর্তুগিজ মহাতারকার শেষ ইউরো ম্যাচ? ভক্ত ও বিশ্লেষকদের মনে এমনটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

এখন যে বয়স চলছে, এ বয়সেই অনেকে পেশাদার ফুটবলকে বিদায় বলে দেন। তবে রোনালদো ছাড়েননি। কঠোর পরিশ্রম করে নিজেকে রেখেছেন পুরোপুরি ফিট। সর্বোচ্চ পর্যায়ে খেলে যাচ্ছেন সমানতালে। তবে আরো ৪ বছরও যে এভাবে খেলে যেতে পারবেন তার নিশ্চয়তাই বা কি?

May be an image of one or more people

যদি এটাই শেষ হয়, তবে শেষটা রাঙানো হলো না। ইউরোর এবারের আসরটা রোনালদো শুরু করেছিলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে। আসর শেষ করলেন রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিয়ে। 

ব্যক্তিগতভাবে অবশ্য একেবারে খারাপও কাটেনি। ৪ ম্যাচে ৫ গোল করেছেন। আছে ১টি অ্যাসিস্টও। তবে নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে গোল পাননি, দলকেও টেনে নিতে পারেন নি পরের ধাপে, এই কষ্ট হয়তো পোড়াবে পর্তুগিজ প্রিন্সকে।

ইউরোর ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো। এই আসরে ৫ বার অংশ নিয়ে করেছেন ১৪টি গোল। ক্যারিয়ার ক্যাবিনেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রফিটাও এই ইউরো চ্যাম্পিয়নশিপ। নিজের সবচেয়ে পছন্দের আসরটা থেকে এত দ্রুত বিদায় নিতে হবে, হয়তো ভাবেন নি রোনালদোও।

ইত্তেফাক/এএএন/টিআর