যশোরে গরু কিনতে গিয়ে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে চট্টগ্রামের চার জন নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন স্থানে স্কুলছাত্রীসহ আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

যশোর: যশোরে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত ও এক জন আহত হয়েছেন। গতকাল যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ২ নম্বর জালালাবাদ ওয়ার্ডের চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ইকবাল চৌধুরীর ছেলে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাফসান চৌধুরী সাদমান (২৬), বায়োজিদ থানাধীন ইসমাইল উদ্দিনের ছেলে নয়ন (২৭), একই এলাকার আজগর সওদাগরের ছেলে জনি সওদাগর (২৭) ও নাইম (২৬)। আহত শাহাবুদ্দিন যশোর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন। গতকাল চার জন যশোর থেকে প্রাইভেটকার করে গরু কেনার জন্য শার্শার সাতমাইল পশুহাটের দিকে যাচ্ছিলেন। প্রাইভেটকারটি যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চী এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে মাঠের মধ্যে নেমে যায়।
মিঠাপুকুর (রংপুর): বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় ওবাইদুল ইসলাম (৩৫) ও হাসিনা পারভিন (৩০) নামে দুই জন নিহত হয়েছেন। হাসিনা পারভিন সাত মাসের অন্তঃসত্ত্বা। গতকাল মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের মোসলেম বাজার পল্লীবিদ্যুত্ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
মুলাদী (বরিশাল): মুলাদীতে ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে আব্দুল মন্নান আকন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শনিবার উপজেলার পৌরসভার চরডিক্রী মোল্লা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকন হিজলা উপজেলার মাউলতলা গ্রামের বাসিন্দা।

সাভার: কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো ১০ যাত্রী। গতকাল ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
সাটুরিয়া (মানিকঞ্জ): মানিকগঞ্জ সদর উপজেলার মনপুড়া ব্রিজ নামক স্থানে গতকাল বাইসাইকেল উলটে রিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রিয়া মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহিরচর মধ্যপাড়া গ্রামের সেলিম মিয়ার মেয়ে ও রাজিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
চট্টগ্রাম: গতকাল পৃথক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। নগরীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় হাটহাজারী উপজেলার চিকনদন্ডি খন্দকিয়া গ্রামের মো. আবদুস সালাম (৫১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সামনে ক্যাভার্ড ভ্যানের পেছনে মোটরসাইকেল ধাক্কা দিলে মিরসরাই থানার বড়তাকিয়া বাজারের মুকবুল আহম্মদ সওদার বাড়ীর ইসাঈদ হোসেন রনির মৃত্যু হয়। অপরদিকে পাক্কা মসজিদ এলাকায় উত্তর মহসজিদ্দার নির্মল দাস (৫০) নামে এক পথচারীকে ভিটুমিনের গাড়ি ধাক্কা দিলে তার মৃত্যু হয়।
কালিহাতী (টাঙ্গাইল): ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক হেলপার নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি। গতকাল মহাসড়কের পাথাইলকান্দি ২ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরদী (পাবনা): প্রাইভেটকারের ধাক্কায় ঈশ্বরদীর মুলাডুলিতে ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী খোকন বিশ্বাস (৪০) নিহত হয়েছেন। তিনি মুলাডুলি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল পাবনা-নাটোর মহাসড়কের ঈশ্বরদী মুলাডুলি আখ ফার্মের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ইত্তেফাক/কেকে
