যুক্তরাষ্ট্রে টিকা নেওয়ার পরও করোনায় ৭৫০ জনের মৃত্যু

আপডেট : ২৮ জুন ২০২১, ১২:১০

যুক্তরাষ্ট্রে ভ্যাকসিন নেওয়ার পরও ৪ হাজার ১০০ এর অধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কিংবা মৃত্যুবরণ করেছেন। সম্প্রতি দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রসমূহের (সিডিসি) নতুন সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনবিসি নিউজ।

গত শুক্রবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, কোভিড-১৯ ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার পরও এখন পর্যন্ত কমপক্ষে ৭৫০ এর অধিক মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে সিডিসি উল্লেখ করেছে যে, এদের মধ্যে ১৪২ জন রোগীর শরীরে করোনার উপসর্গ ছিল না বা সম্পর্কহীন ছিল।

সিডিসি জানিয়েছে, সম্পূর্ণ টিকা নেওয়ার পরও তারা এখন পর্যন্ত ৩ হাজার ৯০৭টি রিপোর্ট পেয়েছে, যারা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে এক হাজারের অধিক রোগীর শরীরে ভাইরাসটির কোনো উপসর্গ নেই এবং তাদের হাসপাতালে ভর্তির কারণ করোনা ইস্যু ছিল না। পরীক্ষা করার পর ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শিশুদের ভ্যাকসিন সম্পর্কিত খাদ্য ও ওষুধ প্রশাসনের শীর্ষ পরামর্শদাতা ড. পল অফিট বলেন, ভ্যাকসিনগুলো শতভাগ কার্যকর নয়, এমনকি মারাত্মক রোগের বিরুদ্ধেও।

গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার ও মডার্নার টিকার দুটি ডোজ ৯৫ ও ৯৪ শতাংশ কার্যকর। আর জনসন এন্ড জনসনের এক ডোজের কার্যকারিতা ৬৬ শতাংশ।

ইত্তেফাক/টিএ