পিজ্জা-পাস্তার স্বাদে

আপডেট : ২৮ জুন ২০২১, ১৯:৫৫

রে সি পি

ইতালির কিছু মজার খাবার নিয়ে সাজানো হয়েছে এ সপ্তাহের কড়চা রেসিপি বিভাগটি। আমরা অনেক সময়ই ইতালির এসব খাবারের নাম শুনে ভয়ে হয়তো স্বাদ নিতে পিছ-পা হয়ে যাই। আর তাই এ সপ্তাহে আমরা হাজির হয়েছি এমন কিছু মজাদার ও সুস্বাদু রেসিপি নিয়ে।

টুনা পাস্তা  

 

উপকরণ :পাস্তা ১ প্যাকেট, টোনা ক্যান ১টি, তেল ৩ টেবিল চামচ, টমেটো কুচি ১ কাপ, পানি আধা কাপ, পেঁয়াজ ২ টেবিল চামচ, রসুন ছেচা ৩ টুকরা, ফিশ সস ১ চা চামচ, টেস্টিং সল্ট আধা চা চামচ, কাঁচামরিচ কুচি ৩ টেবিল চামচ।

 

প্রণালি :পাস্তা লবণ পানিতে সিদ্ধ করে নিন। প্যানে তেল গরম করে পেঁয়াজ ও রসুন দিয়ে কিছুক্ষণ ভাজুন। তাতে টমেটো দিয়ে দিন। টমেটো নরম হলে টোনা ফিশ ঢেলে দিন এবং ভুনতে থাকুন। ভুনা হলে পানি দিন, ফুটে উঠলে পাস্তা ও বাকি মসলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলুন। 

অ্যাপল স্ট্রুডেল

 

 

উপকরণ :ময়দা ৩ কাপ, ডিম ১টি, চিনি ২ টেবিল চামচ, লবণ ১ চিমটি, পানি পরিমাণমতো।

ফিলিংয়ের জন্য

আপেল ২টি, বাদাম ২ টেবিল চামচ, ব্রেডক্রাম আধা কাপ, কিসমিস ২ টেবিল চামচ, বাটার ১ টেবিল চামচ, লেবুর ছোকলা গ্রেড করা আধা চা চামচ, চিনি আধা কাপ, দারুচিনি গুঁড়া ২ চা চামচ।

 

প্রণালি :ময়দা নিন, ময়দার মাঝখান ফাঁকা করে ডিম, পানি, চিনি, লবণ দিয়ে আস্তে আস্তে ভালো করে মেশান। নরম ডো তৈরি করুন। বাটারটা গলিয়ে তাতে ব্রেডক্রাম মিশান। আপেলের ছোকলা ফেলে ছোট ছোট টুকরো করুন। এবার বাটার ও ব্রেডক্রামের সাথে আপেল মিশান ও বাকি ফিলিংয়ের উপকরণগুলোও মিশিয়ে ফেলুন। এবার ডো দিয়ে চারকোণা করে রুটি বানান। রুটির উপর তেল ব্রাশ করুন। রুটির মাঝখানে ফিলিং দিন লম্বা করে। ফিলিংয়ের উপর এক পাশের রুটি তুলে দিন, এবার অন্যপাশেরটাও তুলে দিন। এবার ফ্রি হিট ওভেনে ১৮০ ডিগ্রিতে ৩০ মিনিট ব্রেক করুন। হয়ে গেলে কেটে কেটে পরিবেশন করুন।

হোম মেইড পিজ্জা

 

উপকরণ :ময়দা ৩ কাপ, গরম পানি ১ কাপ, ইস্ট ৩ চা চামচ, চিনি ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গুঁড়া দুধ ৩ টেবিল চামচ, পেয়াজ স্লাইস ১টি, টমেটো সস আধা কাপ, অলিভ স্লাইস ৬টি, কাঁচামরিচ কুচি ৪ টেবিল চামচ।

 

টপিংয়ের জন্য :টমেটো কুচি ৪-৫টি, রসুন কুচি ২-৩টি, তেল ২ টেবিল চামচ, যেকোনো মাংস কুচি বা কিমা সিদ্ধ ১ কাপ, বেসললিফ ২ চা চামচ, অরিগেনো ১ চা চামচ, ক্যাপসিক্যাম স্লাইস ১টি, মাশরুম স্লাইস ৩টি, মোজারেলা চিজ গ্রেট করা দেড় কাপ।

 

পিজ্জা ডো

প্রণালি :প্রথমে পানি কুসুম গরম করে তাতে চিনি, ইস্ট, দুধ ও লবণ মিশান। ১০-১৫ মিনিট রেখে দিন। বোলে ময়দা নিন, সাথে তেল মিশান এবং অল্প অল্প করে ইস্ট মিশান। নরম ডো তৈরি করুন। ডোয়ের উপর তেল দিয়ে বোলটা ঢেকে রাখুন। গরম জায়গায় রাখুন ২ ঘণ্টা।

এবার টপিংয়ের জন্য সস বানাতে প্রথমে প্যানে তেল গরম করে তাতে টমেটো দিয়ে দিন। এরপর কুঁচি পেঁয়াজ ও রসুন দিয়ে নাড়তে থাকুন। এবার তাতে মাংস দিন। মাশরুম কুঁচি মিলিয়ে ৫ থেকে ৬ মিনিট রান্না করে নামিয়ে রাখুন। এবার ডো নিন। ডো বেলে পিজ্জা প্যানে বসিয়ে দিন। প্রিহিট ওভেনে ১৬০ ডিগ্রি সে. ৭ মিনিট ডো’টাকে বেক করুন। এবার ডো’তে তেল ব্রাশ করে রান্না করা টপিং ছড়িয়ে দিন। উপরে ওলিভ কুঁচি চিস, টমেটো সস দিয়ে ওভেনে ১৫ মিনিট বেক করে নিন। তৈরি হয়ে গেল মজাদার ইতালিয়ান পিজ্জা।