দুশ্চিন্তা থেকে দূরে থাকুন

আপডেট : ২৮ জুন ২০২১, ১৯:৫২

ফি চা র

করোনার এই সময়ে আমাদের জীবনের একটা বড় অংশজুড়ে আছে দুশ্চিন্তা। দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে করোনা পরিস্থিতির কারণে আমাদের ছোট-বড় বিভিন্ন বিষয় নিয়ে দুশ্চিন্তা করতে দেখা যায়। কিন্তু কিছু সহজ উপায় জানা থাকলে খুব সহজেই এই দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। আসুন জেনে নিই কিভাবে আপনি দুশ্চিন্তাকে জয় করবেন। জানাচ্ছেন রফিকুল ইসলাম

রিলাক্সে থাকুন

আপনি কি জানেন সত্যিকারভাবে রিলাক্স করতে? আপনি হয়তো বলবেন, ‘অবশ্যই’। কিন্তু অনেকেই রিলাক্স করতে গিয়ে আরও বেশি টেনশনে পড়ে যান। রিলাক্স করার জন্য আমরা টিভি দেখি, গেমস খেলি আরও অনেক কিছুই করি কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের টেনশন আরও বেড়ে যেতে পারে। যেমন আপনি যদি এমন কোনো অনুষ্ঠান দেখেন যা আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দিল বা আপনাকে আরও অস্থির করে তুলল। অনেকে ধূমপান করেও নিজেকে দুশ্চিন্তামুক্ত ভাবেন, আসলে এর সবই সাময়িক। এর কোনোটিই আপনার টেনশন দূর করতে বা আপনাকে রিলাক্স করতে সাহায্য করে না। আপনি টেনশনমুক্ত হতে করতে পারেন যোগব্যায়াম। ঘনঘন গভীর শ্বাস-প্রশ্বাস আপনার মনকে শান্ত করে এবং আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।

 

পর্যাপ্ত ঘুম এবং ব্যায়াম

জীবনের সকল কিছুর জন্য আপনার মন ও শরীরকে প্রস্তুত করতে হবে। দুইটিই সমান গুরুত্ব বহন করে। শুধু একটি শক্ত মন একটি দুর্বল শরীরকে টেনে তুলতে পারে না। আবার আপনি যতই শক্তিশালী হন না কেন, আপনার মন দুর্বল হলে আপনার জন্য উঠে দাঁড়ানো খুবই কঠিন।

 

মানুষের সঙ্গে যোগাযোগ

জীবন অনেক বড়। নিজেকে গুটিয়ে রাখবেন না। আপনি যত মানুষের সঙ্গে মিশবেন আপনার মন তত বড় হবে, মনের সংকীর্ণতা দূর হবে। আপনি মানুষকে আরো ভালোভাবে চিনতে পারবেন। একবার ভেবে দেখুন আপনি নিজেকে কেন গুটিয়ে রাখবেন। আসলেই কি কোনো কারণ আছে? মানুষের সঙ্গে মিশলে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং আপনার যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার মতো ক্ষমতা তৈরি হবে। তবে করোনা পরিস্থিতিতে আপনি বাইরে না গিয়ে বাসায় থেকে টেলিফোনের মাধ্যমে প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করুন বা তাদের খোঁজ নিন নিয়মিত।

 

প্রকৃতির মাঝে হারিয়ে যান

মাঝেমাঝেই সময় সুযোগ করে বেড়িয়ে আসুন আপনার জানামতে ভালো কোনো জায়গায়। উপভোগ করুন প্রকৃতির বিশালতা। নিজেকে নতুন করে খুঁজে পেতে এর কোনো বিকল্প নেই। যদি সম্ভব হয় যেতে পারেন একদম একা, শুধুই নিজের জন্য। খেয়াল রাখবেন যে আপনি এখানে গিয়েছেন শান্তির জন্য তাই সমস্ত টেনশন মাথা থেকে দূরে রাখবেন যতটা সম্ভব। তবে বাইরে যাওয়ার সময় অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। পাশাপাশি সামনে যে কঠোর লকডাউন আসছে ওই সময়টাতে বাড়াতেই পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারেন।

 

পজিটিভ চিন্তা করুন

মানুষের নিজের চিন্তাধারা মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। আজ আকাশে মেঘ দেখে আপনি ভাবতে পারেন যে আজ দিনটি ভালো যাবে না, কিন্তু আপনি তো এটাও ভাবতে পারেন যে আজ মজা করে বৃষ্টিতে ভিজব। আপনাকে শিখতে হবে যে কিভাবে আপনি নিজেকে আরও ভালো রাখতে পারবেন। সবসময় এমন মানুষের সাথে মিশবেন যারা পজিটিভ চিন্তা করে, কারণ এতে আপনার অনেক উপকার হবে। নিজের প্রতি আরও বেশি আস্থা রাখুন এবং সাহসের সাথে এগিয়ে যান। আপনার চিন্তাধারাই আপনাকে রাখবে দুশ্চিন্তামুক্ত।

 

ছবি সৌজন্যে লা-রিভ