করের আওতা বাড়ানোর নির্দেশ অর্থমন্ত্রীর

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৩

ইত্তেফাক রিপোর্ট

বিদ্যমান করদাতাদের ওপর অত্যধিক চাপ না তৈরি করে করের আওতা বাড়ানোর মাধ্যমে কর আদায় বাড়ানোর নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল রবিবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এ নির্দেশনা দেন। এ সময় এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকসূত্র জানায়, এনবিআর চেয়ারম্যান চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের হালনাগাদ চিত্র অর্থমন্ত্রীকে তুলে ধরেছেন। 

বৈঠকে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য কালিপদ হালদার। বৈঠক শেষে ইত্তেফাককে তিনি বলেন, অর্থমন্ত্রী মানুষকে কষ্ট না দিয়ে কর আদায় বাড়ানোর নির্দেশ দিয়েছেন। নতুন করদাতা এবং করের আওতা বাড়ানোর মাধ্যমে কর আদায় বাড়ানোর উপায় খোঁজার জন্য বলেছেন। এছাড়া চলতি সপ্তাহে ভ্যাট ও শুল্ক বিভাগের সঙ্গেও বৈঠক করবেন।  চলতি অর্থবছরে সরকার ৪০ শতাংশের বেশি প্রবৃদ্ধি ধরে ২ লাখ ৯৬ হাজার ২০১ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। এর মধ্যে আয়কর খাত থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ২ হাজার কোটি টাকার কিছু বেশি। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-জানুয়ারি) আয়কর আদায়ে প্রবৃদ্ধি ১০ শতাংশের মতো।