লকডাউনে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের বাস

আপডেট : ২৮ জুন ২০২১, ২১:২২

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

লকডাউনে আটকে পড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের বাসে করে প্রত্যেক বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার ঘোষণা দেন উপাচার্য। গতকাল সোমবার সকালে এই কার্যক্রম শুরু হয়েছে। সকালে সাত বিভাগের উদ্দেশে সাতটি বাস ছেড়ে গেছে। উপাচার্য বলেন, আমরা শিক্ষার্থীদের অভিভাবক। অভিভাবকের অন্যতম দায়িত্ব সন্তানদের খোঁজখবর রাখা। তাদের নিরাপত্তা নিশ্চিত করা। সেই দায়বদ্ধতা থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে সহায়তা করেছে। প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে পরিবহন ব্যবস্থা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. মো. আরিফুর রহমান। তিনি বলেন, সাতটি রুটে আমাদের ১৫টি বাসে আট শতাধিক শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে বাড়ি যাচ্ছে। এখন তারা নিরাপদে বাসায় পৌঁছাক সেটিই আমাদের চাওয়া। এই কাজে সার্বিক সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিস্ট সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। প্রসঙ্গত, সদ্যঘোষিত লকডাউনের আগে সারা দেশ থেকে প্রায় হাজার খানেক শিক্ষার্থী ক্যাম্পাসে আসেন। তারা স্ব-স্ব বিভাগের অন্তর্গত সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলাকালীন লকডাউনের ঘোষণা আসায় পরীক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীরা আটকে পড়েন।