করোনার বিস্তার রোধে সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। সরকারের সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিয়ে করে হেলিকপ্টারে বউ নিয়ে বাড়ি ফিরে বিপাকে পড়েছেন বর সাগর আহমেদ মাসুদ (২৬)। হেলিকপ্টারে করে বউ নিয়ে বাড়ি যাওয়ার পর নতুন বউ দেখতে ভিড় করে মানুষ। লকডাউনের মধ্যে বিয়ে করা এবং বউ নিয়ে বাড়ি গিয়ে জনসংযোগ করার অপরাধে বরের পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল সোমবার বেলা ১১টার দিকে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জুন শুক্রবার শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের দাদপুর নতুন হাট এলাকার জাহাঙ্গীর আলম সরদারের ছেলে সাগর আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহীমপুরের হাজী আলী করিম খন্দকারের মেয়ে কাউনান খন্দকার বন্যাকে (২৩) বিয়ে করে হেলিকপ্টারে করে বাড়ি ফেরেন। বউ নিয়ে গ্রামে আসামাত্র নতুন বউ ও হেলিকাপ্টার দেখতে ভিড় জমায় মানুষ। সংবাদ পেয়ে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই বরের বাড়িতে উপস্থিত হয়ে লকডাউনের মধ্যে এই ধরনের অনুষ্ঠান করার অপরাধে বরের পরিবারকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। ইউএনও মনদীপ ঘরাই বলেন, কোভিড-১৯ কালে স্বাস্থ্যবিধি অমান্য করে বিয়ের আয়োজন করা, হেলিকপ্টারযোগে বউ আনা ও জনসংযোগ করার অপরাধে বরের পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
