বিয়ের প্রলোভন দেখিয়ে সোনাইমুড়ি পৌর বাজারে একটি হোটেলে এক কিশোরীকে (১৫) এনে ধর্ষণ করেছে এক যুবক। ধর্ষণের শিকার কিশোরী অচেতন হয়ে পড়লে তাকে হোটেলে ফেলে রেখে ধর্ষণকারী পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ধর্ষক শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবক ও তার সহযোগী হোটেল ম্যানেজার দ্বীন মোহাম্মাদকে (৩০) পুলিশ গ্রেফতার করেছে। কিশোরীর মামা বাদী হয়ে সোনাইমুড়ি থানায় অপহরণ মামলা করেছেন।
পুলিশ জানায়, কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শফিকুল ঢাকা ব্যাংক সোনাইমুড়ি শাখার ওপরে হোটেলের একটি কক্ষে ওঠেন। বিয়ে না করে তাকে ধর্ষণ করে শফিকুল। পুলিশ অচেতন অবস্থায় কিশোরীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করায়। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, কিশোরীর অবস্থা আশঙ্কাজনক। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। কিশোরীর চিকিত্সা চলছে। সে সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।
