বরগুনা (উত্তর) প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনের রেস কাটতে না কাটতেই বরগুনায় বইতে শুরু করেছে উপজেলা নির্বাচনের হাওয়া। মাঠেঘাটে, চায়ের দোকানে সর্বত্রই উপজেলা নির্বাচনের আলাপ-আলোচনা। ফেব্রুয়ারি মাসে তফসিল এবং মার্চ মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমন ঘোষণায় ইতোমধ্যেই আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা তোরজোর শুরু করে দিয়েছেন। কিন্তু নিষ্ক্রিয় রয়েছে বিএনপির প্রার্থীরা। এ বছর বরগুনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে এ পর্যন্ত বিএনপি নিষ্ক্রিয় থাকলেও আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীরা ঘরোয়া পরিবেশে প্রার্থী হওয়ার কথা জানান দিচ্ছেন। কেউ কেউ জেলা পর্যায়ের নেতাদের কাছে শুরু করেছেন লবিং। স্থানীয় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে যারা ফরম সংগ্রহ করেছেন তাদের নাম ঘোষণা করা হয়।
চেয়ারম্যান পদে যারা ফরম সংগ্রহ করেছেন তারা হলেন— বর্তমান চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবীর, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নশা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ালি উল্লাহ অলি, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাচ্চু জোমাদ্দার, সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মোতালেব মিয়া, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলাম এবং ২নং গৌরীচন্না ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম মনির।
ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ রাসেল ফরাজী, মোঃ আরিফ হোসেন মোল্লা, অ্যাডভোকেট জুনাইদ আহমেদ এবং লিমন আচার্য।
সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ফরম সংগ্রহ করেছেন মাত্র দুজন । তারা হলেন— শামীমা সুলতানা মুন্নি ও শীলা রানী সমাদ্দার।
