এবার জম্মু-কাশ্মীরে ভারতীয় বিমান ঘাঁটিতে ড্রোন হামলা

আপডেট : ২৯ জুন ২০২১, ০০:৫৮

ভারতের জম্মু বিমানবন্দরে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে শনিবার দিবাগত রাতে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এক দিন পরই আবার রাতের অন্ধকারে জম্মুর সেনা ঘাঁটির আকাশে ঢুকে পড়ে দুইটি ড্রোন। তবে কোনো হামলা হওয়ার আগেই ড্রোন দুটি সেনাসদ্যদের নজরে আসে। ড্রোন দুটিকে নিষ্ক্রিয় করতে গুলি চালায় সেনারা। গুলি চালানোর পর এগুলো অন্ধকারে মিলিয়ে যায়। সেগুলোর খোঁজে তল্লাশি চলছে। এদিকে শনিবার বিমান ঘাঁটিতে ড্রোন হামলায় পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সম্পৃক্ততা রয়েছে বলে নিরাপত্তা বাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। হিন্দুস্তান টাইমসের এক খবরে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, এই ড্রোন হামলার সঙ্গে পুলিশের ছয় কেজি আইইডি উদ্ধারের সম্পৃক্ততা আছে। এসব ঘটনায় এখন পর্যন্ত তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।